মিশিগানে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন

লেখক: Rumie
প্রকাশ: ১১ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : মিশিগান অঙ্গরাজ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শহরের মন্দির ও সংগঠনে আয়োজিত এই পূজা প্রবাসী হিন্দু সম্প্রদায়ের কাছে এক মিলনমেলায় রূপ নেয়। পূজাকে ঘিরে প্রতিদিন ছিল অঞ্জলি, প্রসাদ বিতরণ, আরতি এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Manual3 Ad Code

ডেট্রয়েটের দুর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হয় টানা পাঁচ দিনব্যাপী। ভক্তদের সুবিধার্থে আগামী ৪ ও ৫ অক্টোবর অতিরিক্তভাবে পূজার আয়োজন করা হবে। প্রতিদিন পূজা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পরিবেশিত হয়েছে কবিতা আবৃত্তি, গান, নৃত্য, গীতিনাট্য ও ধামাইল নৃত্য। অষ্টমীর সন্ধ্যায় ১০৮টি পদ্মফুল ও ১০৮ প্রদীপ জ্বালিয়ে বিশেষ সন্ধি পূজা অনুষ্ঠিত হয়। পূজার সমাপনী অনুষ্ঠানে ৪ অক্টোবর কলকাতার শিল্পী শ্বাশতী মল্লিক সাংস্কৃতিক পরিবেশনা করবেন।

Manual5 Ad Code

ওয়ারেন সিটির শিব মন্দিরেও ছিল পাঁচ দিনব্যাপী বর্ণিল আয়োজন। পূজার প্রতিদিন অঞ্জলি ও প্রসাদ বিতরণের পাশাপাশি অতিথি শিল্পী ভারতের মহুয়া ভট্টাচার্য গান পরিবেশন করে ভক্তদের মুগ্ধ করেন। একই শহরের কালীবাড়ীতেও পূজা অনুষ্ঠিত হয়েছে সমান উৎসাহে। আগামী ৫ অক্টোবর আবারও পূজার আয়োজন হবে, যেখানে ভারতের শিল্পী স্নেহা ভট্টাচার্য সঙ্গীত পরিবেশন করবেন।

Manual2 Ad Code

হ্যামট্রামিকের সদ্য প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ টেম্পলেও এবার প্রথমবারের মতো দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পাঁচ দিনব্যাপী এই আয়োজন ভক্তদের মধ্যে ভিন্ন মাত্রার উচ্ছ্বাস সৃষ্টি করেছে। অন্যদিকে ব্লুমফিল্ড হিলস হাই স্কুলে সাংস্কৃতিক সংগঠন ‘বিচিত্রা’র উদ্যোগে তিন দিনব্যাপী দুর্গোৎসব শুরু হবে ৩ অক্টোবর। পূজার পাশাপাশি এখানে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে কলকাতার জনপ্রিয় শিল্পী লোপামুদ্রা মিত্র, জয় সরকার, রথিজিত ভট্টাচার্য ও আলবার্ট কবো পরিবেশনা করবেন।

প্রবাস জীবনে এই দুর্গোৎসব শুধু ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও বিশেষ তাৎপর্য বহন করে। বাংলাদেশি ও ভারতীয় ভক্তদের অংশগ্রহণে মিশিগানের প্রতিটি মন্দির ও পূজা মণ্ডপ হয়ে ওঠে এক মিলনমেলা। ভক্তরা জানান, পূজার এই আয়োজন প্রবাসে থেকেও তাদের ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত রাখে, পাশাপাশি প্রজন্ম থেকে প্রজন্মে সাংস্কৃতিক উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখার অনুপ্রেরণা জোগায়।মিশিগানের নানা শহরে আয়োজিত এই পূজায় ভক্তদের মিলন, আনন্দ ও ধর্মীয় আবহে ভরে উঠেছিল প্রবাসের পূজার দিনগুলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code