১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কিউবা, কম্পন ছড়াল মেক্সিকো ও ফ্লোরিডায়

লেখক: Rumie
প্রকাশ: ২ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:উত্তরপশ্চিম উপকূলে প্রায় দেড় শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৮ জুন) স্থানীয় সময় ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পে কিউবার পাশাপাশি মেক্সিকোর ইউকাতান উপদ্বীপ এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিভিন্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না মিললেও বিরল এই ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Manual8 Ad Code

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি হয় ভূপৃষ্ঠের ২৬ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র ছিল কিউবার মান্তুয়া শহর থেকে প্রায় ১০৪ কিলোমিটার পশ্চিম উত্তরপশ্চিমে। রাজধানী হাভানাসহ পশ্চিম কিউবার বিস্তীর্ণ এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়।

রয়টার্স বলছে, ক্যারিবীয় অঞ্চলের এই অংশ সাধারণত বড় ধরনের ভূমিকম্পপ্রবণ নয়। ইউএসজিএসের ভূকম্পবিদ পল আর্ল জানিয়েছেন, ভূমিকম্পটি আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এটি টেকটোনিক প্লেটের সীমানায় নয়, বরং প্লেটের অভ্যন্তরে সংঘটিত হয়েছে। তার ভাষায়, “এই অঞ্চলে এমন ধরনের ভূমিকম্প খুবই অস্বাভাবিক।”

Manual1 Ad Code

তিনি আরও জানান, ১৮৮০ সালের পর থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩২২ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এত শক্তিশালী কম্পনের রেকর্ড পাওয়া যায়নি। প্রায় ১৪৬ বছর আগে কিউবার সান ক্রিস্তোবাল এলাকায় ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল।

Manual8 Ad Code

কিউবার পশ্চিমাঞ্চলীয় পিনার দেল রিওর বাসিন্দা ৪৪ বছর বয়সী ইউসমিলা হার্নান্দেজ রয়টার্সকে বলেন, “এটি খুব প্রবলভাবে অনুভূত হয়েছে। আগে কখনো এমন কিছু দেখিনি। সবাই আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। মনে হচ্ছিল, এখানে আগে কখনো ভূমিকম্পই হয়নি।”

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কম্পন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যেও অনুভূত হয়েছে। একই সঙ্গে মেক্সিকোর জনপ্রিয় পর্যটনকেন্দ্র কানকুন, প্লায়া দেল কারমেন এবং তুলুমেও মানুষ আতঙ্কিত হয়ে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসে। মেক্সিকোর ইউকাতান ও কুইন্তানা রু অঙ্গরাজ্যের গভর্নররা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, সতর্কতামূলক জরুরি ব্যবস্থা চালু করা হলেও কোথাও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, কিউবার দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের কারণে দেশটির বহু ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ফলে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা স্থানীয় মানুষের মধ্যে বাড়তি উদ্বেগ তৈরি করেছে। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য নিশ্চিত করেনি।এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং সুনামির কোনো লক্ষণও দেখা যায়নি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code