প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: অস্বাভাবিক শক্তিশালী শরৎকালীন ঝড়ের প্রভাবে শনিবার যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। এতে কয়েকটি অঙ্গরাজ্যে ৬০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই প্রাকৃতিক দুর্যোগে একজনের মৃত্যুর কথাও বলা হয়েছে।

নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়া— এই তিন শহরই সরাসরি ‘নর’ইস্টার’ ঝড়ের কবলে পড়েছে। উত্তর-পূর্ব দিক থেকে প্রবল বাতাস বয়ে আসায় ঝড়টিকে ‘নর’ইস্টার’ বলা হচ্ছে।

এদিকে কর্তৃপক্ষ ব্যাপক বন্যা ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, শনিবার বিকেলেও ঝড়টি উত্তর আটলান্টিকের মধ্যাঞ্চল ও দক্ষিণ নিউ ইংল্যান্ড উপকূলের কাছে অবস্থান করেছে। ঝড়ের প্রভাবে সেখানে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে।

Manual8 Ad Code

আবহাওয়াবিদরা জানিয়েছেন, রাতের মধ্যে ঝড়টি নিউ জার্সি ও লং আইল্যান্ডের দিকে অগ্রসর হবে। ফলে রোববার সকালে ওই অঞ্চলে নর’ইস্টারের সবচেয়ে শক্তিশালী প্রভাব পড়তে পারে।

এনডব্লিউএস আরও জানিয়েছে, পূর্ণিমার কারণে জোয়ারের উচ্চতা বাড়ায় সপ্তাহজুড়ে মধ্য-আটলান্টিক উপকূলের বিভিন্ন এলাকায় বড় ধরনের জলোচ্ছ্বাস ও উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেন, শনিবার ঝড়টি নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ডের উপকূলীয় এলাকার দিকে ধেয়ে আসছে।

Manual3 Ad Code

হোচুল এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। এই সপ্তাহান্তে যারা পানিতে নামবেন বা পানির কাছাকাছি যাবেন, তারা আক্ষরিক অর্থেই নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন।’

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রুকলিনে বাতাসের তোড়ে একটি গাছ উপড়ে পড়ে ৫৬ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ.কম-এর তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নিউইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড ও পেনসিলভানিয়ায় ৬০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে লং আইল্যান্ডে ১৫ সেন্টিমিটার (প্রায় ৬ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টি হতে পারে।গভর্নর হোচুল বলেন, ‘কিছু এলাকায় ঢেউ ২০ ফুট বা প্রায় ৬ মিটার পর্যন্ত উঁচু হতে পারে।’

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি প্রবল বাতাস ও বিদ্যুতের ছেঁড়া তার সম্পর্কে নগরবাসীকে সতর্ক করেছেন। তিনি বলেন, ‘প্রয়োজন না হলে ভ্রমণ করবেন না।’

ঝড়ের কারণে শনিবার সকালে শত শত ফ্লাইট বাতিল করা হয়। শুধু বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরেই ২৫৩টি ফ্লাইট বাতিল হয়েছে। পুরো অঞ্চলজুড়ে ফ্লাইট বিলম্বের খবরও পাওয়া গেছে।ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ার এ তথ্য জানিয়েছে।

Manual3 Ad Code

জেটব্লু, ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনসসহ বড় কয়েকটি বিমান সংস্থা যাত্রীদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে। এর আওতায় কোনো অতিরিক্ত ফি ছাড়াই যাত্রীরা তাদের ফ্লাইট পরিবর্তন করতে পারছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিশ্বনেতারা যখন নিউইয়র্কে অবস্থান করছেন, তখন জাতিসংঘও শক্তিশালী বাতাসের কারণে বিভিন্ন গণমাধ্যমকে সদর দপ্তরের বাইরে স্থাপিত সম্প্রচার সরঞ্জাম সরিয়ে নিতে বলেছে।

ঝড়ের কারণে নিউইয়র্কের গ্লোবাল সিটিজেন ও অল থিংস গো এবং মেরিল্যান্ডের ওশানস কলিংসহ বেশ কয়েকটি বড় সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে আয়োজিত গ্লোবাল সিটিজেন অনুষ্ঠানে লেনি ক্রাভিটজ, লরিন হিল, অ্যালিসিয়া কিজ ও কান্ট্রি সংগীতশিল্পী লেইনি উইলসন ও শাবুজির পারফর্ম করার কথা ছিল।

অনুষ্ঠানটির আয়োজকেরা বলেন, ‘নিরাপত্তাই সবার আগে। ১৪ বছরের মধ্যে এই প্রথম আমাদেরকে অনুষ্ঠান বাতিল করতে হলো।’

ম্যাসাচুসেটসের বোস্টনসহ বিভিন্ন এলাকায় প্রায় ৫ ইঞ্চি (১২.৭ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিমাণ বৃষ্টি ওই অঞ্চলের এক মাসেরও বেশি সময়ের স্বাভাবিক বৃষ্টিপাতের সমান।

ঝড়ের কারণে ব্রিটিশ পপতারকা এড শিরানের বোস্টনের কাছে সপ্তাহান্তের কনসার্টও বাতিল করা হয়েছে। এর আগে নিউ ইংল্যান্ড উপকূলে ঘণ্টায় ৭০ মাইল বা প্রায় ১১৩ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে গেছে।উত্তর ক্যারোলাইনা, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ডেলাওয়্যার ও নিউ জার্সির কয়েকটি উপকূলীয় এলাকায় এরই মধ্যে চলতি সপ্তাহে বন্যা দেখা দিয়েছে।

Manual1 Ad Code

নর’ইস্টার বছরের যে কোনো সময় হতে পারে। তবে শরৎ থেকে বসন্তের শুরুর সময় পর্যন্ত এ ধরনের ঝড় বেশি দেখা যায়। সাধারণত এর সঙ্গে ভারী বৃষ্টি বা তুষারপাত এবং প্রবল ঝোড়ো বাতাস থাকে।

চলতি বছরের শুরুতেও উত্তর-পূর্বাঞ্চলে একটি নর’ইস্টার আঘাত হেনেছিল। ওই ঝড়ে শত শত ফ্লাইটের চলাচল ব্যাহত হয় এবং হাজার হাজার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে।

এর কয়েক সপ্তাহ আগে অঞ্চলটি একটি ভয়াবহ শীতকালীন ঝড়ের ধকল কাটিয়ে উঠেছিল। ওই দুর্যোগে ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code