

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের দাবি, আগের যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে এই ভিসা বাতিল করা হয়েছে। মঙ্গলবার ২০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পিগট জানান, যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে অবস্থানরত যেসব বিদেশি নাগরিক আইন লঙ্ঘন, প্রতারণা কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছেন, তাঁদের ভিসা বাতিল করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্টে বাতিল হওয়া ভিসার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে যায়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ১ লাখের বেশি ভিসা বাতিলের কথা জানিয়েছিল দপ্তরটি, যা তখন রেকর্ড ছিল। এদিকে নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও ট্রাম্প প্রশাসন কঠোর নীতি গ্রহণ করেছে। আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম আরও নিবিড়ভাবে যাচাই এবং নিরাপত্তা যাচাইয়ের পরিধি বাড়ানো হয়েছে।