জাফর পানাহির সম্পত্তি বাজেয়াপ্তর নির্দেশ দিলো ইরানের আদালত

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ দিন আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আবারও আলোচনায় ইরানের খ্যাতনামা পরিচালক জাফর পানাহি। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মান ‘পাম দ’ ওর’ জয়ী এই নির্মাতাকে পাঁচ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন ইরানের আদালত। একই সঙ্গে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দুই বছর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ও বিদেশ ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। ইরানের সংবাদমাধ্যম ‘এমতেদাদ’র প্রতিবেদন অনুযায়ী, তেহরানের রেভলিউশনারি কোর্ট একটি পৃথক মামলায় পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন। পরিচালকের আইনজীবী মোস্তফা নিলি জানিয়েছেন, তার অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়েছে। তবে ঠিক কী অভিযোগের ভিত্তিতে এই সাজা দেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। দীর্ঘদিন ধরেই ইরানের প্রশাসনের সঙ্গে বিরোধে জড়িয়েছেন পানাহি। তার নির্মিত চলচ্চিত্রে দেশটির সমাজ ও রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন দিক উঠে এসেছে। নতুন এই রায়ের পর তার আইনি পরিস্থিতি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। আইনজীবী মোস্তফা নিলির ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহে পানাহির ব্যাংক হিসাব হঠাৎ বন্ধ হয়ে যায়। এর কারণ জানতে আদালত ও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেন তারা। তখনই পরিচালকের বিরুদ্ধে নতুন রায় এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশের বিষয়টি জানতে পারেন। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, পানাহি ইরানের বাইরে অবস্থান করছিলেন এবং তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে আইনজীবীর দাবি, ২০২৬ সালের ৩০ মার্চ নিজ দেশে ফিরেছিলেন এই পরিচালক। ফলে দেশে ফেরার পরও তার অনুপস্থিতিতে কীভাবে রায় ঘোষণা করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তার আইনজীবী। এদিকে পানাহির বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন মোস্তফা নিলি। নতুন রায়ের বিরুদ্ধে পরিচালকের পক্ষ থেকে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code