হামের টিকা কেনায় বিলম্ব ও অনিয়ম তদন্তে কমিশন গঠন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: হামের টিকা সংগ্রহ ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার। একই সঙ্গে ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করা অন্তর্বর্তী সরকারের দায়দায়িত্বও নির্ধারণ করবে এই কমিশন। বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।কমিশনের সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে। অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, হামের টিকা কেনা ও বিতরণে বিলম্বের কারণ অনুসন্ধান করবে কমিশন। এ ক্ষেত্রে কোনো অনিয়ম বা প্রশাসনিক ব্যর্থতা ছিল কি না, থাকলে এর সঙ্গে কারা জড়িত, তা-ও চিহ্নিত করা হবে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করবে কমিশন। এ ছাড়া কমিশন প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও সুপারিশ দিতে পারবে। তদন্তের স্বার্থে কমিশনকে বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। কমিশন দেশের যেকোনো স্থানে পরিদর্শন করতে পারবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের তলব ও জিজ্ঞাসাবাদ করার ক্ষমতাও থাকবে। প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিশনের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সাচিবিক ও অন্যান্য সহযোগিতা দেবে স্বাস্থ্যসেবা বিভাগ। তদন্তের ব্যয় নির্বাহ ও কার্যক্রমে সহায়তার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ কিংবা এর অধীনস্থ প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code