রাশিয়ার সঙ্গে পরবর্তী আলোচনায় ইউরোপও থাকবে, জানাল যুক্তরাষ্ট্র ও ইউক্রেন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার সঙ্গে পরবর্তী দফার শান্তি আলোচনায় ইউরোপীয় দেশগুলোও অংশ নেবে বলে জানিয়েছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। তবে প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধের অবসানে নিজেদের কঠোর দাবিতে কোনো ছাড় দিতে রাজি নন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। আবুধাবিতে আলোচনার পর বৃহস্পতিবার দিনভর কূটনৈতিক তৎপরতা চালান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। তারা ক্রেমলিনে পুতিনের সঙ্গে চার ঘণ্টার বেশি সময় বৈঠক করেন। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনার বিষয়বস্তু জানাতে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যান তারা। আয়ারল্যান্ডের একটি সামরিক বিমানঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি ও কুশনার আলোচনার সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে জানান, ভবিষ্যতের আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরাও অংশ নেবেন। জেলেনস্কি বলেন, আবুধাবির আলোচনার মতো ইউরোপকে আর আলাদাভাবে বা আলোচনার বাইরে রাখা হবে না। এবার ইউরোপীয় প্রতিনিধিরা সরাসরি আলোচনায় অংশ নেবেন এবং তাদের বক্তব্য তুলে ধরার সুযোগ থাকবে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কুশনারও বিষয়টি নিশ্চিত করেন।  তিনি লিখেছেন, ‘উভয় পক্ষই এখন পরবর্তী দফার আলোচনায় ইউরোপীয় অংশীদারদের অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে।’তিনি আরও বলেন, আলোচনায় উল্লেখযোগ্য মতপার্থক্য এখনো রয়েছে। তবে এ পর্যন্ত যে অগ্রগতি হয়েছে, তাতে তারা আশাবাদী।  ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক কর্মকর্তা এএফপিকে জানান, ইউরোপের পাঁচটি দেশের রাজধানী থেকে আসা প্রতিনিধিদের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রতিনিধিরাও যুক্তরাষ্ট্রের দূতদের সঙ্গে বৈঠক করেছেন। ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা দীর্ঘদিন ধরেই আলোচনায় ইউরোপের সরাসরি অংশগ্রহণের দাবি জানিয়ে আসছে।

Manual7 Ad Code

এর আগে মার্কিন দূতদের সঙ্গে বৈঠকে পুতিন স্পষ্ট করে বলেন, ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে, সেগুলোর নিয়ন্ত্রণ নিয়ে মস্কো কোনো ছাড় দেবে না। একই সঙ্গে যুদ্ধ-পরবর্তী সময়ে ইউক্রেনে বিদেশি শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন তিনি। পুতিনের ভাষায়, ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন করা হলে, তা হবে যুদ্ধেরই ধারাবাহিকতা।পুতিনের এসব বক্তব্যে শান্তিচুক্তি নিয়ে অগ্রগতির সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র যখন আলোচনায় ইউরোপের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করছে, তখন রাশিয়া বিষয়টিকে ইউরোপের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে বৃহত্তর আলোচনার অংশ হিসেবে তুলে ধরতে চাইছে। এদিকে ইউরোপীয় নেতাদের সম্মেলনে যোগ দিতে ডাবলিনে অবস্থানকালে জেলেনস্কি বলেন, স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারশিল্ডে নতুন বিধিনিষেধ আরোপের কারণে রাশিয়ার জেটচালিত ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে ইউক্রেনের সক্ষমতা ব্যাহত হচ্ছে। এর ফলে ‘আরও বেশি ইউক্রেনীয় নাগরিক নিহত হচ্ছেন’ বলে তিনি দাবি করেন। সাধারণত ক্রেমলিনের বৈঠকগুলো রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হলেও এবার পুতিনের সঙ্গে মার্কিন দূতদের বৈঠকের শুরুতে দীর্ঘ আলোচনা সরাসরি সম্প্রচার করা হয়।

বৈঠকে ইউক্রেন ও রাশিয়ার সেনাদের অবস্থানের মাঝখানে ‘ধূসর অঞ্চল’ বা সামরিক বাহিনীশূন্য এলাকা তৈরির সম্ভাবনা নাকচ করে দেন পুতিন। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করেছে রাশিয়া। এর আগে ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপও নিজেদের সঙ্গে যুক্ত করে নেয় মস্কো। এ ছাড়া রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা কিছু এলাকাও রাশিয়ার দখলে রয়েছে। ইউক্রেনের দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝঝিয়া— এই চারটি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে মস্কো। তবে এসব অঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে নেই।  বৈঠকে পুতিন ইউক্রেনের কোস্তিয়ানতিনিভকা শহরে একটি ‘মানবিক অভিযান’ পরিচালনার প্রস্তাব দেন। তার দাবি, শহরটিতে এখনো প্রায় ৪০০ থেকে ৫০০ বেসামরিক মানুষ বসবাস করছেন।

Manual2 Ad Code

রাশিয়া গত গ্রীষ্মে শহরটি দখলের দাবি করলেও ইউক্রেন বলছে, সেখানে এখনো লড়াই চলছে। গত মাসে দক্ষিণ ইউক্রেনের রুশ-অধিকৃত ওলেশকি শহরে আটকে পড়া শত শত বাসিন্দাকে নিরাপদে বের করে আনার জন্য স্বল্প সময়ের যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা দিমিত্রো লিতভিন সতর্ক করে বলেছেন, মানবিক অভিযানের আড়ালে রাশিয়া নতুন করে সেনা মোতায়েন ও পুরোনো সেনাদের পরিবর্তে নতুন সেনা আনার চেষ্টা করতে পারে। ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান| ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নতুন করে পর্যালোচনার বিষয়ে রাশিয়ার চাপ ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন নিরাপত্তাকাঠামোর প্রস্তাব ইউরোপীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক জোটের প্রভাব কমানো ও ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা বন্ধ করার বিষয়ে রাশিয়ার দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্র— উভয় পক্ষই ইউরোপকে একজন একক প্রতিনিধির নাম দেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে তার সঙ্গে আলোচনা করা যায়। এদিকে ডাবলিনে ইউরোপীয় নেতাদের সম্মেলনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেন, ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নতুন করে সাজানোর কোনো প্রয়োজন নেই। ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়াই ইউরোপের বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা ভেঙে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ফ্রান্সের সমর্থনে প্রকাশিত এক যৌথ ঘোষণায় ৩৯টি দেশ বলেছে, ‘ইউরোপের নিরাপত্তাকে প্রভাবিত করে— এমন যেকোনো সিদ্ধান্ত ইউরোপীয়দের অংশগ্রহণেই নিতে হবে।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code