

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে গত সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে বেকারত্বের হার কমেছে। মঙ্গলবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।তরুণদের বেকারত্ব মোকাবিলায় সরকারের বহুল প্রতীক্ষিত প্রতিবেদন প্রকাশের আগে এ তথ্য সামনে এল। জাতীয় পরিসংখ্যান দপ্তরের (ওএনএস) তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে তরুণদের বেকারত্বের হার কমে ১৫ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ওএনএস জানায়, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত তিন মাসে যুক্তরাজ্যের সামগ্রিক বেকারত্বের হার আগের সময়ের ৪ দশমিক ৭ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। লেবার সরকারের সাবেক কর্মকর্তা অ্যালান মিলবার্নের নেতৃত্বে সরকার গঠিত একটি পর্যালোচনা কমিটি মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করবে।‘নিট’ (এনইইটি) নামে পরিচিত এই তরুণদের সংখ্যা চলতি বছরের শুরুতে ১০ লাখ ছাড়িয়ে যায়। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে সরকার জানায়, ২০২৫ সালে ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের চেয়ে বেশি ‘নিট’ হার ছিল কেবল রোমানিয়ায়। প্রতিবেদনটি মঙ্গলবার পরে প্রকাশ করা হবে।
পর্যালোচনা প্রতিবেদনে ২০২৯ সালের মধ্যে দেশজুড়ে স্থানীয় সেবার একটি নেটওয়ার্ক গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। এ নেটওয়ার্কের আওতায় পেশাগত দিকনির্দেশনা, কর্মসংস্থানে সহায়তা, স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ব্যবহারিক সহায়তা এক জায়গা থেকে দেওয়া হবে। সুপারিশ অনুযায়ী, এ ধরনের সমস্যায় থাকা প্রত্যেক তরুণের জন্য একজন নির্দিষ্ট পরামর্শক নিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সরকার এসব সুপারিশ বাস্তবায়নের উপায় পর্যালোচনা করবে। এর মধ্যে ২৫ বছরের কম বয়সীদের কল্যাণ ভাতায় পরিবর্তনের বিষয়টিও থাকতে পারে। মিলবার্ন বলেন, কল্যাণ ভাতা কমানোর আগে সহায়তা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিনিয়োগ বাড়াতে হবে। তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ২০৩১ সালের মধ্যে কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণের বাইরে থাকা তরুণের সংখ্যা বেড়ে ১২ লাখ ৭০ হাজারে পৌঁছাতে পারে। এক বিবৃতিতে মিলবার্ন বলেন, ‘পরবর্তী প্রজন্মকে জাতীয় অগ্রাধিকার দিতে হবে।’