মিশিগানে নির্মাণকাজ শুরু গুগলের বিশাল ডেটা সেন্টারের

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২৮ সেকেন্ড আগে

Manual6 Ad Code

ভ্যান বিউরেন টাউনশিপ, ২০ নভেম্বর : পশ্চিম ওয়েইন কাউন্টির ভ্যান বিউরেন টাউনশিপে গুগলের বিশাল হাইপারস্কেল ডেটা সেন্টার নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রকল্পটির চূড়ান্ত সাইট পরিকল্পনা স্থানীয় পরিকল্পনা কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার এক মাসেরও বেশি সময় পর নির্মাণকাজ শুরু হলো। তবে প্রকল্পটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে উদ্বেগ রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ‘দ্য ডেট্রয়েট নিউজ’-এর ধারণ করা আকাশচিত্রে দেখা যায়, হ্যাগার্টি রোডের পূর্ব পাশে এবং ইন্টারস্টেট ৯৪-এর নর্থ সার্ভিস ড্রাইভের উত্তরে অবস্থিত ২৮২ একর জমিতে নির্মাণকর্মীরা মাটি সরানোর কাজ করছেন। টাউনশিপের পরিকল্পনা নথি অনুযায়ী, ‘প্রজেক্ট ক্যানোলি’ (Project Cannoli) নামে পরিচিত এই প্রকল্পে পর্যায়ক্রমে পাঁচটি ভবন নির্মাণ করা হবে। এর মধ্যে তিনটি হবে ডেটা প্রসেসিং ভবন। এসব ভবনের আয়তন হবে ৮৭ হাজার থেকে ৩৬ লাখ বর্গফুট পর্যন্ত। এ ছাড়া প্রকল্প এলাকায় ডিটিই (DTE)-এর একটি বিদ্যুৎ উপকেন্দ্র (সাবস্টেশন) স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

Manual2 Ad Code

প্রকল্পটি পুরোপুরি চালু হলে প্রতিদিন ২০ লাখ থেকে ৩৬ লাখ গ্যালন পানি ব্যবহারের পাশাপাশি প্রায় ১ গিগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। গুগলের ব্যবহারের জন্যই এই ডেটা সেন্টারটি নির্মাণ করা হচ্ছে। অক্টোবরের মাঝামাঝি সময়ে ভ্যান বিউরেন টাউনশিপের পরিকল্পনা কমিশন ৫-১ ভোটে প্রকল্পটির চূড়ান্ত সাইট পরিকল্পনা অনুমোদন করে। টাউনশিপের মিউনিসিপ্যাল সার্ভিসেস ডিরেক্টর রন একারস জানান, এ অনুমোদনের ফলে প্রকল্পের ডেভেলপার প্রতিষ্ঠান ‘পানাটোনি’ (Panattoni) ইউটিলিটি সংযোগ স্থাপন এবং নির্মাণস্থলের অবকাঠামোগত উন্নয়নসহ পরবর্তী কাজ এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। তবে প্রকল্পটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ রয়েছে। তাঁদের আশঙ্কা, ডেটা সেন্টারটি চালু হলে আশপাশের বাড়িঘরের সম্পত্তির মূল্য, শব্দদূষণ এবং পানি ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ সম্পদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। অন্যদিকে পরিকল্পনা কমিশনের সদস্যরা জানিয়েছেন, তাঁদের দায়িত্ব মূলত প্রকল্পটি টাউনশিপের প্রচলিত অধ্যাদেশ ও বিধিবিধান মেনে বাস্তবায়িত হচ্ছে কি না, তা যাচাই করা।

Manual6 Ad Code

১৪ অক্টোবরের বৈঠকে কমিশনার জেফরি জার বলেন, “পরিকল্পনা কমিশনার হিসেবে আমাদের দায়িত্ব হলো নির্মাণকাজ আইন অনুযায়ী হচ্ছে কি না, তা যাচাই করা। আবেদনকারীর প্রস্তাব বর্তমান অধ্যাদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটিই আমাদের বিবেচ্য বিষয়।” এদিকে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, গত আগস্ট থেকেই নির্মাণস্থল থেকে ছড়িয়ে পড়া ধুলাবালির কারণে তাঁদের ভোগান্তি হচ্ছে। ম্যাগি ব্রুমার নামের এক বাসিন্দা টাউনশিপের পরিকল্পনা কর্মকর্তাদের কাছে নিজের অসুবিধার কথা তুলে ধরে বলেন, “মিশিগানের এমন চমৎকার আবহাওয়াতেও এখন আর জানালা খুলে রাখতে পারছি না। বাড়ির পেছনের উঠোনে উড়ে আসা ধুলাবালি প্যাটিওর আসবাবপত্র, স্যাটেলাইট ডিশ ও জানালাগুলো ঢেকে ফেলছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code