

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় আহতদের উদ্ধারের চেষ্টায় ঘটনাস্থলে অনেকগুলো অ্যাম্বুলেন্স পাঠানো হলেও উৎসুক জনতার ভিড়ে ভেতরে ঢুকতে পারছে না সেগুলো।
ঘটনাস্থল থেকে সবাইকে নিরাপদ দূরত্বে সরে গিয়ে উদ্ধার চেষ্টায় সহযোগিতা করতে স্থানীয় লোকজনের প্রতি আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিসসহ উদ্ধারকারী দল।
এফ আর টাওয়ার থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ইতোমধ্যে প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া বেসরকারি হাসপাতালগুলো থেকে আরও অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা চলছে।