

নাম আলী হোসেন। পেশায় একজন চা বিক্রেতা। প্রতিদিন দুপুর ২ টা থেকে যার অবস্থান সিলেটের টিএসসি খ্যাত কাজী নজরুল অডিটোরিয়ামে। বিক্রী করেন বিভিন্ন স্বাদের চা। এর মধ্যে রয়েছে মাল্টা চা, লেবুর চা, মালাই চা, ঝাল চা, তেতুঁল চা ও বুলেট চা। ভিন্ন স্বাদের এই চায়ের খ্যাতির জন্য আলী হোসেনের নাম এখন বুলেট আলী হিসেবে সমধিক পরিচিত। রাত ১২টা পর্যন্ত চলে বুলেট আলীর চায়ের আসর। ব্যক্তিগত ভাবে আলী কাউকে না চিনলেও সবার কাছেই যেনো বুলেট আলী বেশ পরিচিত।
চা বিক্রীর জন্য বুলেট আলীর দোকান কিন্তু ভাসমান। সেই ভাসমান দোকানেই চা খেতে প্রতিদিন ঢল নামে সাধারণ মানুষের। মেডিকেল রিপ্রেজেন্টিভ থেকে আইনজীবী, সংস্কৃতিকর্মী, সংবাদকর্মী সব মানুষেরই সন্ধ্যার পর ঢল নামে এই বুলেট আলীর ভাসমান দোকানে। দোকান মানে হলো একটি ভ্যানের উপর সারি সারি চা রান্নার উপাদানসহ একটি চুলো। যেখানে শোভা পাচ্ছে লেবু , মাল্টা, তেতুঁল, কাচাঁ মরিচ, আদা, পুদিনাপাতা, বিট লবন, কালিজিরাসহ আরো বিভিন্ন উপাদান। চায়ের মজাদার স্বাদে প্রতিদিনই আলীর দোকানে ভিড় লেগে থাকে। সেই ভিড় সামলায় আলী একাই।
আলীর সাথে কথা হলে সিলেট প্রতিদিনকে জানায়, প্রতিদিন ভালোবাসার টানে আমার দোকানে ভিড় লেগেই থাকে। এই ভালোবাসাই আমার সম্বল। আমিও চাই,চায়ের মধ্যে কাস্টমারদের ভিন্ন রকম স্বাদ দেওয়ার মাধ্যমে তাদের সন্তোষ্টি প্রদান। আপনারাও আসবেন। আমিও চেষ্টা করবো এই ভালোবাসা ধরে রাখার।