

জমে উঠেছে বঙ্গবন্ধু বিপিএল। ঢাকায় শেষ হলো বিপিএলের প্রথম পর্ব। বিপিএল হাওয়া ছড়িয়ে পড়েছে সিলেটেও।
বিভাগীয় নগরী সিলেটে ক্রিকেট মানেই উন্মাদনা। টিকিট নিয়ে কাড়াকাড়ি, দর্শক ঠাসা স্টেডিয়াম। উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ে পুরো নগরজুড়ে। এবছর বঙ্গবন্ধু বিপিএলের ছয়টি খেলা অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ কারণে সিলেটের মাঠ আবারও মাতাবে ক্রিকেট প্রিয় দর্শকরা, বিপিএলের ঢাকার দর্শক খরা কাটবে এখানেই- এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা।
মাঠ সংস্কার কাজ চলমান থাকায় এবছর বঙ্গবন্ধু বিপিএল শুরুর দিকে সিলেটে ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা ছিল, সেই শঙ্কা আর নেই। নির্ধারিত সময়েই আগেই মাঠের কাজ সম্পন্ন হয়েছে। সবুজ ঘাসে ছেয়ে গেছে পুরো আউটফিল্ডও। সবমিলিয়ে মাঠ এখন খেলার পুরোপুরি উপযোগী। সবশেষ শনিবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাঠের প্রস্তুতি পরিদর্শন করেও যান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সবুজ পাহাড়টিলা আর নয়নাভিরাম চা বাগানের মনোরম পরিবেশে একমাত্র গ্রিন গ্যালারির সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাড়ে ১৮ হাজার দর্শক একসাথে বসে খেলা উপভোগ করতে পারেন। ২০০৭ সালে স্টেডিয়ামটি নির্মিত হলেও ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষিক্ত হয় মাঠটি।
এরপর ২০১৬ সালের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ, ২০১৭ এবং ২০১৮ সালের বিপিএলের কয়েকটি খেলা, বাংলাদেশ-শ্রীলংকার একটি ওয়ানডে এবং বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট ও টি-২০ ম্যাচও এ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া সবকটি খেলায়ই দর্শকরা স্টেডিয়ামের গ্যালারি মাতিয়েছেন।