করোনা প্রতিরোধে সড়ক বন্ধ করে দিয়েছে এলাকাবাসী

লেখক:
প্রকাশ: ৬ years ago
?

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
করোনা ভাইরাস সংক্রমণে হট স্পট হয়ে দাঁড়িয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা। ইতিপূর্বে একজন পুলিশ সদস্যসহ ২ জন করোনা আক্রান্ত হলেও গত ৪৮ ঘন্টায় কুলাউড়া উপজেলায় আরও ৪ জন আক্রান্ত হয়েছে। এতে আতংক দেখা দিয়েছে কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে। কারণ শমসেরনগরের সাথে কুলাউড়া উপজেলা সদর ও সীমান্তবর্তী শরীফপুর এলাকার লোকজনের ব্যবসায়ীকসহ নানা সম্পর্ক রয়েছে।
এ অবস্থায় আজ দুপুর থেকে কুলাউড়ার সাথে কমলগঞ্জ উপজেলার সংযুক্ত সড়কের শমশেরনগর-কুলাউড়া সড়কের শ্রীসূর্য্য এলাকায় গাছের খন্ডাংশ ফেলে ও বাঁশ পুতে এ সড়কটি এলাকাবাসী বন্ধ করে দেয়। একই সাথে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের সাথে শমশেরনগর ইউনিয়নের সড়ক পথও বন্ধ করে দেওয়া হয়।
স্বাস্থ্য বিভাগ জানায়, মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার মাঝে কমলগঞ্জ উপজেলা এখনও করোনা মুক্ত রয়েছে। সম্প্রতি কুলাউড়া উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কমলগঞ্জ পুলিশ প্রশাসনকে অবহিত করে পতনউষার ইউনিয়নের চেয়ারম্যানের জ্ঞাতসারে শ্রীসূর্য্য গ্রামের মানুষজন আজ দুপুরে কুলাউড়া সড়ক বন্ধ করে দেয়।
এর ফলে এ সড়কগুলো দিয়ে যানবাহন ও মানুষজন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রীসূর্য্য গ্রামের সুমন খান বলেন, কুলাউড়া উপজেলা এখন করোনা ভাইরাসের জন্য বিপদজনক এলাকা। প্রতিদিনই এ উপজেলায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে। কমলগঞ্জ উপজেলায় যাতে করোনা ভাইরাস সংক্রমিত না হয় সে জন্য গ্রামবাসীরা পতনউষার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদের জ্ঞাতসারে ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরীকে অবহিত করেই এ সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। অপরদিকে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চলাচলকারী চাতলাপুর- স্থল শুল্ক স্টেশন সড়কের জোড়াপুল এলাকায় বাঁশ পুতে এলাকাবাসী সড়কটি বন্ধ করে দেয়।
কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুনাব আলী কমলগঞ্জের সাথে তার ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধের সত্যতা নিশ্চিত করে বলেন, কুলাউড়া থেকে কমলগঞ্জে যাতে করোনাভাইরাস সংক্রমিত না হয় সে জন্য কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহাদ চৌধুরী তাকে এ নির্দেশনা দিয়েছেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, আল্লাহর রহমতে এখনও কমলগঞ্জ উপজেলা করোনামুক্ত রয়েছে। কড়াকড়ি লকডাউন মানলে, মানুষজন একটু সচেতন হয়ে ঘরে থাকলে আশা করা যায় এ উপজেলা করোনা সংক্রমিত হবে না।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী বলেন, থানার ওসি ও প্রশাসনের জ্ঞাতসারেই এই সড়কগুলো বন্ধ রাখা হয়েছে।
তবে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হক বলেন, সড়ক বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কুলাউড়া সড়ক বন্ধ করে দেওয়ার সংবাদ পেয়ে তিনি লোক পাঠিয়ে বিকাল ৫ টার দিকে সড়ক খুলে দিয়েছেন এবং ওই সড়কে পুলিশী চেকপোস্ট বসানোর ব্যবস্থা করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code