নির্বাচিত সরকারই দেশ চালাবে: মির্জা ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ১০ মাস আগে

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

ঢাকা ডেস্ক

নির্বাচন কমিশনকে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশনা দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটা অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত। আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে এবং নির্বাচিত সরকারই দেশ চালাবে ও সমস্যার সমাধান করবে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ‌‘জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে সাংবাদিকের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও শহিদ সাংবাদিক পরিবারের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

Manual1 Ad Code

বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, ‘নির্বাচন কমিশন দ্রুততম সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করে এমন একটি পরিবেশ তৈরি করবে, যেখানে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য জীবন দিয়েছে। সুতরাং এই প্রক্রিয়ায় গড়িমসি বরদাস্ত করা হবে না।’

তিনি জানান, ঐকমত্য কমিশনে বিএনপি বেশিরভাগ বিষয়ে একমত হয়েছে, তবে কিছু মৌলিক বিষয়ে মতপার্থক্য রয়েছে। এসব বিষয় ভবিষ্যতে সংসদে বিতর্কের মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে, এমন খবরের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, আমরা সংস্কারের পক্ষেই আছি। এই বিষয়ে ভুল ধারণা ছড়ানো ঠিক নয়। তিন দিন আগে আমরা এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছি।

যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত ট্যারিফ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকারের উচিত ছিল অভিজ্ঞ ও যোগ্য প্রতিনিধিদের দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া। এখনও সময় শেষ হয়ে যায়নি।

ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড ও পুশইন ইস্যুতে তিনি বলেন, এগুলো হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সরকারকে জনগণের মতামত নিয়ে জোরালো অবস্থানে যেতে হবে। একইসঙ্গে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দিকেও গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলা সময়ের দাবি।

Manual3 Ad Code

ডিইউজে সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জাতীয় প্রেসক্লাব সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই সিকদার, দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল রহমান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ। Desk bj

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • নির্বাচিত সরকারই দেশ চালাবে: মির্জা ফখরুল
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code