

ডেস্ক রিপোর্ট: মিয়ানমার পরিস্থিতির কারণে বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। এ বিষয়ে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে একটা যৌথ উদ্যোগ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব
করেন। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী দেশটির একটি থ্যিংট্যাংকের আলোচনায় বলেছেন, যে পরিস্থিতি এখন মিয়ানমারে আছে, এই পরিস্থিতির কারণে বিশেষ করে রাখাইনের সঙ্গে যে যুদ্ধ চলছে, এর কারণে আমাদের (বাংলাদেশ) দেশের নিরাপত্তা, আমাদের এবং ভারতের দুটি দেশেরই নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ ব্যাপারে আমাদের আরও পদক্ষেপ নেওয়া উচিত। আন্তর্জাতিক যেসব গোষ্ঠী আছে, যারা এখানে আছেন, বিশেষ করে ভারত, যুক্তরাষ্ট্র এবং চীন— এদের
কাছে বিষয়টা উপস্থাপন করা উচিত।’তিনি বলেন, ‘এখানে যেটা দেখা যাচ্ছে, রাখাইনরা তাদের যুদ্ধ আমাদের সীমান্তের ওপর ফোকাস করেছে। এটার একটা কারণ হলো— সীমান্তে যে চৌকিগুলো আছে, এগুলো বিচ্ছিন্নভাবে আছে। খুব সহজে তারা দখল করতে পারে। আরেকটা জিনিস হচ্ছে—তাদের এই যুদ্ধের কারণে বাংলাদেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশ যদি এরসঙ্গে জড়িয়ে যায়, সেখানে রাখাইনরা এটার একটা অ্যাডভানটেস নেওয়ার চেষ্টা করতে পারে। কেবল সেটা না, দুবছর আগে একটা ভিডিও গণমাধ্যমে এসেছিল, যেখানে কিছু রোহিঙ্গা নারীদের এনে ভিডিওটা করা হয়েছে। তাতে যিনি প্রশ্ন করছিলেন, প্রশ্নটা ছিল— আপনারা কি মিয়ানমারের নাকি। তখন ওই নারীরা সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে— আমরা মিয়ানমার চিনি না, আমরা এখানেই থাকবো।’