

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের রণক্ষেত্রে আরও কিছু সাফল্য পেয়েছে রুশ সেনাবাহিনী। বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক কর্মকর্তরা এই তথ্য জানিয়েছেন। তবে তারা বলেছেন, রাশিয়াকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে। শহরটিতে এখনও ইউক্রেনীয় বাহিনী অবস্থান ধরে রেখেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা রাশিয়ার অগ্রগতির সম্পর্কে বিস্তারিত জানাননি। মার্কিন থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার-এর নিয়মিত আপডেটেও বাখমুতে রাশিয়ার অগ্রগতির ইঙ্গিত রয়েছে। তারা বলেছে, ২৮ ও ২৯ মার্চের ভৌগলিক অবস্থানের ফুটেজ ইঙ্গিত দিচ্ছে বাখমুতের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কিছুটা এগিয়েছে রুশ বাহিনী। রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ উত্তরের একটি স্টিল কারখানা দখল করেছে।
খনির শহর বাখমুত পূর্ব ইউক্রেনের শিল্পাঞ্চল ডনেস্কের অবস্থিত। গত কয়েক মাস ধরে ইউক্রেনে চলমান যুদ্ধের মূল মনোযোগ এই শহরেই রয়েছে। রুশ কর্মকর্তারা বলছেন, বাখমুতে একের পর এক রাস্তা দখলের মাধ্যমে শহরটি ঘিরে ফেলার চেষ্টা করছে রুশ বাহিনী। কিন্তু এখন পর্যন্ত তারা তা করতে ব্যর্থ হয়েছে। ইউক্রেনও নিজেদের সেনাদের পিছু হটার নির্দেশ দেয়নি। যদিও সপ্তাহ খানেক আগে মনে হয়েছিল বাখমুতের পতন অনিবার্য।