

শরণখোলা (বাগেরহাট) ঃ
করোনা প্রতিরোধে বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজার বুধবার দুপুর থেকে অনির্দিষ্টকালে জন্য লকডাউন ঘোষনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া সকল দোকান ও যানবাহন চলাচল বন্ধ থাকবে।
তবে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে কাঁচামাল ও মাছ বিক্রীর হাট চলার সিদ্ধান্ত নেয়া হয়।
বুধবার দুপুর ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে রায়েন্দা ইউপি চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, ওসি এসকে আব্দুল্লাহ আল সাঈদ, বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু নেতৃত্বে আমড়াগাছিয়া বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত ৮ এপ্রিল এবং রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৪ এপ্রিল থেকে সামাজিক হাট বসানো হয়েছে।
রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন জানান, করোনাভাইরাসের সংক্রমণরোধে উপজেলা প্রশাসনের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য বাজার লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রীর জন্য সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সামাজিক হাট বসবে। জরুরী সেবার বাইরে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, দেশে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এ মুহূর্তে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে লকডাউনের কোনো বিকল্প নেই। ##