অক্সফোর্ডের তৈরি করোনার টিকা ব্যবহার শুরু হবে ভারতেও

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

কোভিড-১৯ মহামারীতে পর্যদস্ত ভারত। এরইমধ্যে সাড়ে ১১ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন দেশটিতে। মারা গেছেন ২৮ হাজারের বেশি মানুষ। সোমবার একদিনেই রেকর্ড ৪০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে দেশটিতে।
করোনা পরিস্থিতি সামাল দিতে মোদি সরকার যখন হিমশিম খাচ্ছে তখন আশার আলো দেখালেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের তৈরি করোনা ভাইরাসের টিকা মানব দেহে পরীক্ষামূলক ব্যবহারে সফলতা এসেছে। এই টিকা পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে ভারতও। টিকা ব্যবহারের অনুমোদন পাওয়ার প্রক্রিয়া শুরু করেছে দেশটি। খবর এনডিটিভির।
ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত অক্সফোর্ডের টিকার পরীক্ষামূলক ব্যবহার সম্পর্কে বলা হয়েছে যে, আপাতত প্রাথমিকভাবে এজেডডি-১২২২ টিকার ফলাফল ইতিবাচকই এসেছে। গবেষকরা দাবি করেছেন যে, এই টিকাটির কোনো বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে কিছু ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেগুলো প্যারাসিটামল ওষুধ খেলেই কাটিয়ে ওঠা সম্ভব। ফলে ভারতও এই টিকা ব্যবহারে করোনা মোকাবেলায় আশাবাদী হয়ে উঠেছে।
বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ভারতের সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ। সেরামের প্রধান আদর পুনাওয়ালা বলেন, এই টিকা পরীক্ষার ফল খুবই ইতিবাচক পাওয়া গেছে এবং এর ফলাফলে আমরা খুবই খুশি।
তবে সুরক্ষার কথা মাথায় রেখে টিকা ভারতীয় বাজারে ছাড়ার ক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়ো করা হচ্ছে না বলেও জানান আদর পুনাওয়ালা। তিনি বলেন, ভারতে এই টিকা পরীক্ষার অনুমতি পাওয়ার জন্য আমরা এক সপ্তাহের মধ্যে ভারত সরকারের কাছে আবেদন করব। আর অনুমোদন পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ভারতে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহার শুরু করব। এছাড়া আরও বড় পদক্ষেপ হিসাবে আমরা খুব তাড়াতাড়ি ভারতেও এই ভ্যাকসিন উৎপাদনের কাজ শুরু করব।
এদিকে ল্যানসেটের মেডিকেল জার্নালে অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিনের সফলতা নিয়ে যখন পর্যালোচনা হচ্ছে ঠিক তখন ভারতে তৈরি দেশি করোনা টিকা কোভ্যাক্সিনেরও মানব দেহে পরীক্ষামূলক ব্য়বহার শুরু হয়েছে। এইমস দিল্লির প্রধান ড. রণদীপ গুলেরিয়া বলেন, এই টিকার (কোভ্যাক্সিন) পরীক্ষামূলক ব্যবহার কতটা সফল হচ্ছে তা পুরোপুরি জানতে গবেষকদের আরও মাস তিনেক সময় লাগবে।
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মঙ্গলবারের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩৭১৪৮ সংক্রমিত হয়েছেন। ফলে দেশটিতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১১,৫৫,১৯১ এ এসে দাঁড়িয়েছে।
গত একদিনে আরও ৫৮৭ জনের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস। ফলে সবমিলিয়ে ভারতে মোট ২৮,০৮৪ জনের মৃত্যু হয়েছে এই রোগে আক্রান্ত হয়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code