

মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ইমানদারদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন। (সুরা: তওবা, আয়াত নং-১১১)।তাই মানুষ নিজের সম্পদ ও জীবনের মালিক নয়। মালিক হচ্ছেন আল্লাহ তায়ালা। তাই মানুষের উচিত আল্লাহর হুকুম মতো নিজের জীবন ও সম্পদ পরিচালনা করা। জীবন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। এ কারণে হত্যা ও আত্মহত্যা হারাম ও মহাপাপ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলেন, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ধাবিত করো না। (সুরা:বাকারা, আয়াত নং-১৯৫)।
পত্র-পত্রিকার সংবাদ অনুযায়ী আত্মহত্যার প্রবণতা তরুণ-তরুণীদের মাঝে ব্যাপকভাবে দেখা যাচ্ছে। হতাশা, ক্ষোভ, রাগ ও জিদের বশীভূত হয়ে তারা আত্মহত্যা করছে। আল্লাহ রাব্বুল আলামিন হতাশ হতে নিষেধ করেছেন। প্রকৃত ইমানদার কোনও দিন হতাশ হয় না। আল্লাহর রহমত ও দোয়ার প্রত্যাশী থাকে। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার কথা বলেছেন।
আল্লাহ পাক বলেছেন, তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। (সুরা: বাকারা, আয়াত নং-১৫৩)।