

ইন্টারন্যাশনাল ডেস্ক: দামেস্কের উমাইয়া স্কোয়ারকে ঘিরে ইতিমধ্যে উৎসবের রং ছড়িয়ে পড়েছে। গাড়ির জানালা দিয়ে শিশুরা নাড়ছে সবুজ-সাদা-কালো সিরীয় পতাকা, আকাশে উঠছে আতশবাজি। রাজধানীসহ পুরো দেশের ‘মুক্তি দিবস’ ৮ ডিসেম্বর সামনে রেখে কয়েক দিন আগেই স্কোয়ারে জড়ো হতে শুরু করেছে মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। উৎসবের মাঝেই এক পাশে দাঁড়িয়ে ছিলেন আলেপ্পোর গ্রামাঞ্চলের বাসিন্দা ২৪ বছর বয়সী আবু তাজ। এক দশক আগে সরকারি বাহিনী ও আসাদবিরোধীদের লড়াইয়ে তার বাড়ি ধ্বংস হয়। এরপর দামেস্ক-বৈরুত হয়ে সৌদি আরবে বাবার কাছে আশ্রয় নেন তিনি। আট বছর সৌদি আরবে থাকা ও মিসরে দুই বছর পড়াশোনার পর তিনি দেশে ফেরেন মাত্র এক সপ্তাহ আগে। তখন সিরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দামেস্কে আসছে সেই অভিযানের স্মরণে, যা রাজধানী দখল করে বাশার আল-আসাদকে ভোরের দিকে মস্কোতে পালিয়ে যেতে বাধ্য করেছিল। গত শুক্রবার উমাইয়া মসজিদে জুমার নামাজ শেষে তিনি আসেন স্কোয়ারে উৎসব দেখতে। আল-জাজিরাকে তিনি বলেন, দেশের সংস্কৃতি এখন ‘জনগণের হাতে’ এবং দেশের দিকনির্দেশনা তাকে আনন্দিত করছে।