

ডেস্ক রিপোর্ট, ঢাকা: পাকিস্তান ক্রিকেট দলের আসছে ইংল্যান্ড সফরের জন্য সবুজ সংকেত দিয়েছে প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এই করোনাকালে খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে পরিবারের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি পরিবার আলাদা ভ্রমণ করলেও তাদের সঙ্গে দেখা করতে পারবেন না ক্রিকেটাররা। জুনের শেষের এই সফরের জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পাকিস্তানের ক্রিকেটার ও স্টাফদের চাটার্ড ফ্লাইটে আনতে প্রায় ৫ লাখ পাউন্ড খরচ করবে। যেখানে ২৯ জন খেলোয়াড় ও ১৪জন অফিসিয়াল ভ্রমণ করবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র এ বিষয়ে বলেন, বোর্ড খেলোয়াড়দের একটা বিষয় পরিস্কার করে দিয়েছে, যে পরিবার নিয়ে ভ্রমণ করা যাবে না। এমনকি তাদের পরিবার আলাদা গেলে অথবা ইংল্যান্ডে অবস্থান করলেও তাদের সঙ্গে দেখা করা যাবে না।