

লন্ডন প্রতিনিধি: ঋষি সুনাকের পরিচিতি রয়েছে ব্রিটেনের এযাবৎকালের মধ্যে সবচেয়ে ধনী প্রধানমন্ত্রী হিসেবে। তবে গত বছর তাঁর পারিবারিক সম্পদের পরিমাণ ২০ কোটি পাউন্ডের বেশি কমে গেছে। সানডে টাইমসের তৈরি সবশেষ রিচ লিস্ট বা ধনীদের তালিকার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে।
ঋষি সুনাক একসময় হেজ ফান্ড ম্যানেজার হিসেবে কাজ করতেন। তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি ভারতীয় ধনী এক ব্যবসায়ীর কন্যা। এই দম্পতির সম্পদের পরিমাণ বর্তমানে ৫২ কোটি ৯০ লাখ পাউন্ড বলে সানডে টাইমসের রিচ লিস্টে দেখানো হয়েছে। তবে ২০২২ সালে তাঁদের সম্পদের আর্থিক মূল্য ছিল ৭৩ কোটি পাউন্ড।
অক্ষতা মূর্তি সফটওয়্যার কোম্পানি ইনফোসিসের খুব অল্প পরিমাণ শেয়ারের মালিক। ভারতীয় এই কোম্পানির আর্থিক মূল্য ৫ হাজার ২০০ কোটি পাউন্ড বা ৬ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। এর প্রতিষ্ঠাতাদের একজন অক্ষতা মূর্তির কোটিপতি পিতা নারায়াণা মূর্তি।
ওই কোম্পানিতে থাকা শেয়ারের দাম কমে যাওয়ায় অক্ষতা মূর্তির সম্পদের পরিমাণ কমেছে। ফলে কমেছে ঋষি সুনাক দম্পতির সম্পদ।
ইনফোসিসে অক্ষতা মূর্তির শেয়ারের পরিমাণ ১ শতাংশের একটু কম। গত বছর কোম্পানির শেয়ারের দাম প্রায় এক–পঞ্চমাংশ কমে যায়। খবরে বলা হচ্ছে, ভারতীয় প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ থাকার কারণেই ইনফোসিসের শেয়ারের মূল্য পড়ে যায়।
সানডে টাইমস ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ধনী ব্রিটিশদের তালিকা তৈরি করে। তবে সুনাক দম্পতির নাম প্রথম ওই তালিকায় ওঠে গত বছর। সে সময় তিনি বরিস জনসন সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনিই ছিলেন এই তালিকায় নাম ওঠানো শীর্ষ পর্যায়ের প্রথম ব্রিটিশ রাজনীতিবিদ।