

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।লুক্সেমবার্গে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এ মতৈক্য হয়েছে। রুশ সরকার কর্তৃক দেশটির বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভালনি-কে বিষ প্রয়োগে হত্যাচেষ্টার দায়ে এ নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলে জানা গেছে। লুক্সেমবুর্গে ২৭ মিনিটের আলোচনাতেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ব্যাপারে একমত হন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা। বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছে ইইউ। মস্কো এ ঘটনায় তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারেনি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন, নাভালনিকে বিষ প্রয়োগের ফল পেতে হবে রাশিয়াকে। এর জন্য জার্মানি ও ফ্রান্স চায় দায়ী কিছু ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি হোক। ইইউ-র পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছেন, তারা লুকাশেঙ্কোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করতে চান। বেলারুশে লুকাশেঙ্কো যেভাবে বিক্ষোভকারীদের দমন করছেন ফলে তার ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে চান তারা।