

ডেস্ক নিউজ: টলিউডের পার্নো মিত্রকে ডাকলে একসঙ্গে দুটো নাম চলে আসে। একটি অঞ্জন দত্তের ‘রঞ্জনা আমি আর আসবো না’ অন্যটি মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। আলোচিত দুটো ছবিতেই অনবদ্য অভিনয় করেছেন এই টলিনেত্রী। বলা হয়, পার্নোর ক্যারিয়ার টানলে দীর্ঘ পথজুড়ে এ দুটো সিনেমাই টিকে যাবে।
মাঝে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে আসেন এই নায়িকা। তবে ঢাকায় নয়, সরাসরি অংশ নেন নওগাঁ শুটিং সেটে মোশাররফ করিমের বিপরীতে। তখন কাজ করেন কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে ফজলুল কবীর তুহিনের সিনেমায়। এবার সরাসরি পার্নো হাজির হন ঢালিউডের প্রাণকেন্দ্র বিএফডিসিতে।
এবার এসেছেন ‘সুনেত্রা সুন্দরম’ নামে একটি সিনেমায় কাজ করতে। জানা যায়, ২১ ডিসেম্বর বিএফডিসির এক নম্বর শুটিং ফ্লোরে আজই (২২ ডিসেম্বর) শেষ হবে তার অংশের শুটিং। সিনেমাটি নির্মাণ করছেন কলকাতার পরিচালক শিবরাম শর্মা। এতে পার্নোর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সোমরাজ মাইতি।