

ডেস্ক নিউজ, ঢাকা: আধাঘণ্টার ওপরে প্রেস কনফারেন্স। তারও আগে কয়েক দফা সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া। প্রত্যেকবারই সাকিব আল হাসানের মুখে একটি কথাই ঘুরেফিরে এসেছে- টি-টোয়েন্টি বিশ্বকাপ। সামনে এশিয়া কাপ, অথচ অস্ট্রেলিয়ায় হতে যাওয়া কুড়ি ওভারের বিশ্ব আসরে তার চোখ। আসলে শুধু বাংলাদেশ নয়, এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্রস্তুতি’ সারতে চাইছে অংশ নেওয়া সব দলই। অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই এবারের এশিয়া কাপও কুড়ি ওভারের ফরম্যাটে। একটা প্রতিযোগিতা জেতার পরিপূর্ণ ইচ্ছাশক্তি সব দলেরই আছে, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই বলে কথা; তবে তার আড়ালে মাসখানেক পরের বিশ্বকাপও থাকছে মননে। অর্থাৎ, এশিয়া কাপের মঞ্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তাপের আঁচ পাওয়া যাচ্ছে। যার শুরুটা হচ্ছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে।