

ডেস্ক রিপোর্ট, ঢাকা: আগের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে গোল করে হইচই ফেলে দিয়েছিলেন শেখ মোরছালিন। শুক্রবার উত্তর বারিধার বিপক্ষে এই মিডফিল্ডার গোল করতে না পারলেও সহায়ক ভূমিকা পালন করেছেন। তাতে প্রথমার্ধে এক গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির পরও ত্রাস সৃষ্টি করে খেলেছে মোহামেডান। দুই অর্ধে তিন গোলের সুবাদে প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে মোহামেডান ৩-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় অনেকক্ষণ। প্রথম গোল এসেছে বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাঙ্ক্ষিত গোলটি করেন নাইজেরিয়ান ওবিমনেকে। শুরুতে শেখ মোরছালিনের দারুণ এক পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে শট নেন নাইজেরিয়ান ওবিমনেকে। পরে তার সঙ্গে সেঁটে থাকা এক ডিফেন্ডারের পায়ে লেগে বল জড়ায় জালে। বারিধারার খেলোয়াড়রা অফসাইডের দাবি জানালেও রেফারি তাতে কর্ণপাত করেননি।