

ডেস্ক রিপোর্ট: প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্ব শেষে জয়হীন থাকলো ব্রাদার্স ইউনিয়ন। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শনিবার পুলিশ এফসির কাছে ৪-১ গোলে বিধস্ত হয়েছে গোপীবাগের দলটি। কলম্বিয়ার ফরোয়ার্ড এলদিস গার্সিয়া করেন হ্যাটট্রিক।
যদিও ব্রাদার্স শুরুতে এগিয়ে গিয়ে অন্যরকম ইঙ্গিত দিয়েছিল। ৪২ মিনিটে একক প্রচেষ্টার গোলে ব্রাদার্সকে এগিয়ে নেন রাহুল। তার প্রথম প্রচেষ্টা গোলরক্ষক ফিরিয়ে দিলেও গ্লাভসে জমাতে পারেননি। বাইলাইনের একটু ওপর থেকে ফের বল নিয়ে ফিরে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে সৈয়দ শাহ কাজেম কিরমানির গোলে সমতায় ফেরে পুলিশ এফসি। পরে কলম্বিয়ান ফরোয়ার্ড এলদিস গার্সিয়ার হ্যাটট্রিকে তুলে নেয় নিজেদের তৃতীয় জয়। দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি।