

বাংলাদেশ থেকে কানাডায় অর্থ পাচারকারীদের বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় সময় বিকাল ৪টায় টরেন্টোর বাঙালি পাড়া বলে খ্যাত ড্যানফোর্থে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকায় বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা কানাডায় পাচারের খবর প্রকাশিত হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং প্রতিবাদের ঝড় উঠে। তারই প্রেক্ষিতে তীব্র শীত, তুষারপাত, মাইনাস ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে প্রচুর লোক উপস্থিত হয়ে নিন্দা প্রকাশ করে এবং কালো টাকার মালিকদের কানাডায় প্রতিহতের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানান। এ ব্যাপারে বক্তারা দূতাবাসের ভূমিকা নেয়ারও দাবি তুলেন।
সমাবেশ থেকে সাংস্কৃতিক কর্মী আহমেদ হোসেন ইত্তেফাককে বলেন, ‘বাংলাদেশকে উজাড় করে জনগণের কষ্টার্জিত টাকা এনে এক শ্রেণির লুটেরা কানাডায় এসে বেগমপাড়া গড়ে তুলছে, নগদ টাকায় মিলিয়ন ডলারের বাড়ি কিনছে, লোক দেখানো ব্যবসা করছে, মূলত তারা দুই দেশেরই ক্ষতিই করছে। তাই আমরা বিদেশে অবস্থান করেও এই দুর্নীতির প্রতিবাদ করছি।’
মোহাম্মদ বাশার বলেন, ‘এরা শত শত, হাজার হাজার কোটি টাকা কানাডায় পাচার করে রাজকীয় জীবন যাপন করছে। এজন্য দেশে-বিদেশে আন্দোলন গড়ে তোলা জরুরি। আমরা টরেন্টো থেকেই সেই ডাক দিয়েছি। আমাদের ডাকে সাড়া দিয়ে টরেন্টোর বাইরে থেকেও দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও দূর-দূরান্তের প্রবাসীরা সমাবেশে যোগ দিয়েছেন।’
জানা যায়, একই স্থানে দু’টি পৃথক সমাবেশ একত্রিত হয়ে মানবন্ধন করে। একটি ছিলো সাংস্কৃতিককর্মীদের, অন্যটি ছিলো অন্টারিও আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সমাবেশ। এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিটিবির সাবেক সংবাদ পাঠিকা আসমা আহমেদ মাসুদ, নাট্যকার আহমেদ হোসেন, সাংবাদিক সওগাত আলী সাগর, বাকসুর সাবেক ভিপি ফায়েজুল করিম, কবি দেলোয়ার এলাহী, আবৃত্তিকার হীমাদ্রী রায়, সাবেক ছাত্র নেতা মন্জুরে খোদা তরিক, আবুল বাশার, আজকাল সম্পাদক মাহবুবুর রহমান রনি, ড. সুরভী সাঈদ, জোটন তরফদার, অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মাসুদ আলি লিটন, সহ-সভাপতি ফায়েজুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই সুমন, দেলোয়ার হোসেন দুলাল, আকরামুল ইসলাম, বিপ্লব, জিয়াউল আহসান চৌধুরী, কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমেদ মুক্তা, আমরুল ইসলাম, জোটন তরফদার, প্রচার সম্পাদক জসীম উদ্দিন, আব্দুস সালাম বাংলাদেশ ছাত্রলীগ কানাডা শাখার সলাপতি ওবায়দুর রহমান, শাকিল আহমেদ, রাজিবুল ইসলাম, এমরুল ইসলাম (ইমরুল) মো. হামিদ ঝুটন তপাদার, মাহবুব চৌধুরী, ইলিয়াস, আসাদ আহমেদ নিশু ও খালেদ সাইফুল্লাহসহ আরো অনেকেই।
এক প্রেস বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, পাচারকারীদের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদের প্রেক্ষিতে আগামী ২৪ তারিখ শুক্রবার মিজান কমপ্লেক্সে ‘লুটেরা রুখো বাঁচাও স্বদেশ’ শীর্ষক আবারো সার্বজনীন প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।