কুয়াশায় ফেরি বন্ধ থাকার পর চলাচল শুরু

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

গোয়ালন্দ (রাজবাড়ী) :
ঘন কুয়াশায় দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রোববার দিনগত রাত সোয়া ১২টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত টানা ফেরি চলাচল বন্ধ ছিল। দীর্ঘ ১০ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে শত শত যানবাহন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। রাত সোয়া ১২ টার দিকে নৌপথ কুয়াশার চাদরে ঢেকে ফেলে। এ পরিস্থিতিতে রাত সোয়া ১২টার দিকে কর্তৃপক্ষ যে কোন ধরনের দূর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষনা করে। সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে ফের ফেরি চলাচল শুরু হয়। গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি চলাচল টানা ১০ ঘন্টা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দক্ষিণ-পশ্চিম অঞ্চলের হাজার হাজার যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। দৌলতদিয়া ঘাট এলাকায় নদীর শীতল বাতাসের মধ্যে সারা রাত আটকে থাকায় সবচেয়ে বেশি কষ্টে রয়েছে শিশু ও বৃদ্ধরা।
ঢাকাগামী একে ট্রাভেলস পরিবহনের যাত্রী তাহমিনা আক্তার বলেন, রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছেছি। এসে শুনি কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাট এলাকায় রাত থেকে এখন পর্যন্ত আটকে থেকে মহা বিরম্বনার শিকার হচ্ছি।
অপরযাত্রী নুশরাত আরা বলেন, কুয়াশার মধ্যে আমরা যারা নারী আছি, তাদের জন্য ভালো কোন বাথরুম ব্যবস্থা নেই। একদিকে কুয়াশার কারণে দশ ফিট দূরে কিছু দেখা য়ায় না, নিরাপত্তার অভাবে ভ্রাম্যমাণ টয়লেটে যেতে সাহস পাচ্ছি না বলেও জানান তিনি।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি ফেরি সার্ভিস বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে। দূর্ভোগ কমাতে আটকে থাকা যাত্রীবাহি যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code