

ইন্টারন্যাশনাল ডেস্ক: দখলকৃত ক্রিমিয়া উপত্যকায় রাশিয়ার একটি সামরিক বিমান ঘাঁটির কাছে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় তিন প্রত্যক্ষদর্শী সেখান থেকে কালো ধোঁয়া উড়তে দেখার কথা জানিয়েছেন। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে নোভোফেদোরিভকা ঘাঁটির কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। তবে এসব ভিডিও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। দুই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর সাড়ে তিনটার দিকে কয়েক মিনিটের ব্যবধানে বিভিন্ন মাত্রার ১২টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর মধ্যে তিনটি শব্দ ছিল অপেক্ষাকৃত বেশি তীব্র। এরপরই আগুনের ফুলকি এবং ধোঁয়া দেখা যায়।