

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্বজুড়ে খাদ্য সংকটের জন্য মস্কো দায়ী এমন দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মিসরে কূটনৈতিক সফরের সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, পশ্চিমা দেশগুলো বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তায় নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে সত্যকে বিকৃত করছে। কায়রোতে আরব লিগের প্রতিনিধিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো অন্যদের উপর তাদের প্রভাব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে খাদ্য সংকট শুরু হয়। ইউক্রেনের বন্দর দিয়ে শস্য রফতানি বন্ধ হয়ে পড়ায় শুরু হয় এই সংকট। এতে মারাত্মকভাবে আক্রান্ত হয় আরব বিশ্ব এবং আফ্রিকার বেশিরভাগ অংশ।