গতবারের মতো যেন ‘মৃত্যুর মিছিল’ না হয়—মক্কায় নজিরবিহীন পদক্ষেপ

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

এবারের হজ মৌসুমে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এর আগেই সুরক্ষার ভিন্ন ভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি আরব সরকার। গত বছরের মতো ভয়াবহ প্রাণহানি ঠেকাতেই এই বাড়তি সতর্কতা। গত বছর তীব্র গরমে ১ হাজার ৩০০-এর বেশি হাজির মৃত্যু হয়েছিল। নিহতদের অধিকাংশই ছিলেন নিবন্ধনহীন এবং বয়সে প্রবীণ বা অসুস্থ।

Manual2 Ad Code

হজ শুরুর প্রাক্কালে আজ মঙ্গলবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, চলতি বছর প্রায় ২০ লাখের বেশি মুসল্লির আগমন প্রত্যাশা করছে সৌদি আরব। বিপুলসংখ্যক মানুষের হজ ব্যবস্থাপনায় তাই প্রযুক্তির সহায়তায় নজরদারি বাড়িয়েছে সরকার। এ ছাড়া নিবন্ধন ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে ৫ হাজার মার্কিন ডলার (৬ লাখের বেশি টাকা) পর্যন্ত জরিমানা ও দেশে ফেরত পাঠানোর মতো শাস্তি নির্ধারণ করা হয়েছে। এমনকি যারা সৌদি নাগরিক বা সেখানকার আবাসিক, তারাও এবার অনুমতি ছাড়া হজ করতে পারবেন না।

মক্কায় এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতিমধ্যেই ২ লাখ ৬৯ হাজারের বেশি মানুষকে মক্কায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে। কারণ তাঁদের হজের অনুমতি ছিল না। হজ আইন লঙ্ঘনের দায়ে ২৩ হাজারের বেশি বাসিন্দার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ৪০০টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।

সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল বলেছেন, ‘২০২৪ সালে মৃত্যুবরণকারীদের ৮০ শতাংশই ছিলেন অনিবন্ধিত হজযাত্রী। এ বছর আমরা আন্তর্জাতিক মিশনগুলোর সঙ্গে সমন্বয় করে প্রযুক্তির মাধ্যমে প্রত্যেক হাজিকে পর্যবেক্ষণে রাখছি।’

সব হাজিকে এবার স্মার্ট হেলথ ট্র্যাকার পরতে দেওয়া হচ্ছে যা শরীরের তাপমাত্রা ও হার্ট রেট পরিমাপ করবে। এই ট্র্যাকার হিট স্ট্রোক বা ক্লান্তির আশঙ্কা হলে সতর্কবার্তা দেয়। তা ছাড়া অতিরিক্ত গরম থেকে রক্ষা পেতে বিশ্রাম কেন্দ্র, পানির বাষ্প ছিটানোর স্টেশন, ছায়াযুক্ত এলাকা এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হচ্ছে।

হজযাত্রীদের জন্য এবার হেলথ আইডি কার্ড বহনও বাধ্যতামূলক করা হয়েছে এবং ‘নুসুক’ অ্যাপ ডাউনলোড করতে জোর দেওয়া হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে তারা জরুরি সহায়তা, দিকনির্দেশনা ও তথ্য পেতে পারবেন। ব্যক্তিগতভাবে পানি পান, ছাতা ব্যবহার, রোদে বেশি সময় না থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেওয়া হচ্ছে।

Manual1 Ad Code

এবার প্রথমবারের মতো হজে ব্যবহৃত হচ্ছে ড্রোন, যা নজরদারি ও আগুন নিয়ন্ত্রণেও কাজে লাগবে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স। এ ছাড়া তীব্র গরমে অপেক্ষার সময় কমাতে নামাজের আজান ও জামাতের মধ্যবর্তী সময় সংক্ষিপ্ত করা হয়েছে।

২০২৪ সালের জুন মাসে ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হয়েছিল মক্কায়। ২০২৫ সালের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এবারের হজ মৌসুমেও গরম থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি।

Manual3 Ad Code

উল্লেখ্য, হজ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রতিটি মুসলমানের জন্য জীবনে একবার পালন করা ফরজ। সৌদি সরকার এবার এটি আরও নিরাপদ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।

Manual4 Ad Code

ডেস্ক: আর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code