

গোয়ালন্দ (রাজবাড়ী) :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দীর্ঘ লকডাউনের কারণে অসহায় হয়ে পড়েছেন বিভিন্ন শ্রেণি-পেশা ও শ্রমজীবী মানুষ। আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় বেশীর ভাগ মানুষের ক্রয় ক্ষমতা ক্রমেই হ্রাস পাচ্ছে। পাশাপাশি বাজারে প্রায় প্রতিটি পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে টিসিবি’র মাধ্যমে মঙ্গলবার থেকে এলাকায় ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় শুরু হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম দিন ৩শ ব্যক্তির জন্য বরাদ্দ পাওয়া পণ্য সামগ্রী বিক্রয় শুরুর ঘন্টা দুয়েকের মধ্যে শেষ হয়ে যায়। পণ্য কিনতে না পেরে অনেকেই খালি হাতে ফিরে গেছেন। স্বল্প মূল্যে পণ্য ক্রয়ের খবর ছড়িয়ে পড়লে বাসস্ট্যান্ডে বহু মানুষের ভীড় জমে। এতে সামাজিক দুরত্ব বজায় রাখা ব্যাঘাত ঘটে। এক পর্যায়ে সেখানে আনছার সদস্যদের মোতায়েন করা হয়। এছাড়া সেনাবাহিনীর টহল দল সেখানে দীর্ঘ সময় অবস্থান করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা করে।
টিসিবি’র ডিলার মেসার্স শাপলা ট্রেডার্সের প্রোপ্রাইটার বাদল চৌধুরী জানান, সপ্তাহের ৪দিন তিনি পণ্য বিক্রয় করতে পারবেন। ৩শ জন ব্যক্তির জন্য তিনি বরাদ্দ পাবেন। প্রতিজনের কাছে ৮০ টাকা দরে সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন তেল, ৫০ টাকা দরে ৩ কেজি চিনি, ৫০ টাকা দরে ১ কেজি মশুর ডাল ও ৬০ টাকা দরে ২ কেজি করে ছোলা বিক্রি করতে পারবেন। একজন ব্যক্তি ১৫ দিন পর পর এ পন্য কিনতে পারবেন।
উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু বলেন, এ কার্যক্রমের ফলে এলাকার মানুষের কিছুটা হলেও উপকার হবে। টিসিবি’র এ বিক্রয় কার্যক্রম মূলত শহর কেন্দ্রিক হয়ে থাকে। তারপরও এলাকার মানুষের সমস্যার কথা বিবেচনা করে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে পণ্য বিক্রির জন্য আমি ডিলারকে বলেছি।