

মো: নাছির আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গলের উদ্যোগে আয়োজিত এ সভায় সনাক, ইয়েস (YES) ও ইস্যুভিত্তিক এসিজি (ACG) সদস্যরা অংশগ্রহণ করেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের হবিগঞ্জ রোডের বাগানবাড়ী রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সনাক শ্রীমঙ্গলের সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সনাকের সহ-সভাপতি কাজী আছিয়া আক্তার।
সভায় কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন টিআইবির ক্লাস্টার কো-অর্ডিনেটর (সিই) মো. আরিফুল ইসলাম। পরে ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনার অর্জন, শিক্ষণীয় বিষয়, চ্যালেঞ্জ ও করণীয়’ এবং ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তা’ বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. আবু বকর, ডেপুটি কো-অর্ডিনেটর হুজ্জাতুল ইসলাম ও ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. আরিফুল ইসলাম।
মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে টিআইবির কো-অর্ডিনেটর (সিই) মো. আতিকুর রহমানের সঞ্চালনায় স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ, তরুণদের আরও বেশি সম্পৃক্ত করা এবং সামাজিক সংগঠনগুলোর সঙ্গে কার্যকর নেটওয়ার্কিং নিয়ে আলোচনা হয়। এতে সনাক, ইয়েস ও এসিজি প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশ নেন।
আলোচনা শেষে উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান সনাক সদস্য দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য। পরে ধন্যবাদ জ্ঞাপন ও সনাক শ্রীমঙ্গলের সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার প্রথম পর্ব শেষ হয়।মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির পর দ্বিতীয় পর্বে সনাক ও ইয়েস সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সনাক শ্রীমঙ্গল স্থানীয় পর্যায়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ভূমি অফিসের সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন ইস্যুভিত্তিক এসিজি (ACG) কমিটির মাধ্যমে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে।