

ডেস্ক নিউজ: সিনেমা ও ওটিটির কাজের সুবাদে কলকাতায় দারুণ পরিচিতি পেয়েছেন ঢাকার অভিনেতা চঞ্চল চৌধুরী। সেখানকার তারকাদের মুখেও এখন প্রায়শ চঞ্চল বন্দনা শোনা যায়। তবে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর উদ্বোধনে অতীতের সব আলোচনা-প্রশংসা ছাপিয়ে গেলো। কারণ, এ আয়োজনে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহাদের সঙ্গে একই সারিতে বসেছেন চঞ্চল। এমনকি তাকে উৎসব থেকে বিশেষ সম্মাননাও দেওয়া হয়েছে।
অমিতাভ-শাহরুখের পাশে দাঁড়িয়ে থাকা চঞ্চলের ছবি ইতোমধ্যে সোশাল মিডিয়ায় শোরগোল তৈরি করে ফেলেছে। সবাই অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ। গৌরব অনুভব করে জানাচ্ছেন উচ্ছ্বাস।
এদিকে চঞ্চলের এই অগ্রযাত্রাকে ‘নিজেদের অর্জন’ বলে দাবি করলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। তিনি মনে করেন, শিল্পী সমিতিতে তিনি এবং তার প্যানেল নেতৃত্বে আসার পরই সিনেমায় সুবাতাস বইছে এবং সাফল্য আসছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে এফডিসিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন নিপুণ। এ সময় তার সঙ্গে ছিলেন সাইমন সাদিক, শাহনূরসহ শিল্পী সমিতির আরও কয়েকজন নেতা।
শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নিপুণ। শিল্পী সমিতির নির্বাচনের প্রায় এক বছর ঘনিয়ে এসেছে। এই এক বছরে সমিতির অর্জন কী? এমন প্রশ্ন শুনে নিপুণ বলেন, ‘এক বছরের সফলতা আপনাদের চোখের সামনে। এত বছর অমিতাভ বচ্চন, শাহরুখ খানের পাশে বাংলাদেশের কোনও শিল্পী দাঁড়ায়নি। গতকাল কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের হয়ে চঞ্চল চৌধুরী তাদের পাশে দাঁড়িয়েছেন।’