চট্টগ্রামে চালু হলো স্মার্ট স্কুলবাস, শিক্ষার্থীদের উপস্থিতির বার্তা পাবেন অভিভাবকেরা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: লাল রঙের বাসটিতে উঠলেই ডিজিটাল হাজিরা যন্ত্র। শিক্ষার্থীরা বাসে ওঠা বা নামার সময় এই হাজিরা যন্ত্রের সামনে স্মার্ট কার্ড চাপ দিলেই খুদে বার্তা পেয়ে যাবেন অভিভাবক। এ ছাড়া ঘরে বসেই জিপিএস ট্র্যাকিং ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বাস ও শিক্ষার্থীর অবস্থানও দেখতে পারবেন তাঁরা।

আরও নানা ধরনের প্রযুক্তিসেবা নিশ্চিত করে চট্টগ্রাম নগরের সড়কে যাত্রা শুরু করেছে ‘স্মার্ট স্কুলবাস’। চট্টগ্রাম নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এই স্মার্ট বাস প্রকল্পের বাস্তবায়ন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

জেলা প্রশাসন জানায়, নগরের ১০টি স্কুলবাসে জিপিএস ট্র্যাকার, জিআইএস প্রযুক্তি, ডিজিটাল হাজিরা ডিভাইস ও আইপি ক্যামেরা স্থাপন করে এসব বাসকে ‘স্মার্ট’ করা হয়েছে। গত অক্টোবর মাসে স্মার্ট জেলা উদ্ভাবন চ্যালেঞ্জ-২০২৩–এর আওতায় প্রথম পুরস্কার পায় এই প্রকল্প। প্রাথমিকভাবে সোমবার একটি বাসের উদ্বোধন করা হয়েছে। জানুয়ারি মাস থেকে পুরোদমে এমন ১০টি স্কুলবাস সড়কে চলবে।

Manual2 Ad Code

আজ সোমবার চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠ থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে একটি ‘স্মার্ট স্কুলবাস’। এ সময় বাসে চট্টগ্রাম নগরের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০ জন শিক্ষার্থী ছিল। তাঁদের প্রত্যেকেই স্মার্ট কার্ড চেপে বাসে ওঠে। আগামীকাল মঙ্গলবার সকালে শিক্ষার্থীদের নিয়ে এটি সড়কে চলবে। চলতি বছরের জন্য বাসগুলোয় প্রত্যেক শিক্ষার্থীর যাওয়া-আসায় খরচ হবে ৫ টাকা করে ১০ টাকা।

সোমবার দুপুরে ডিজিটাল হাজিরা যন্ত্রের সামনে স্মার্ট কার্ড চেপে স্মার্ট বাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। এর আগে স্মার্ট স্কুলবাসের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের অভিভাবকেরা দুশ্চিন্তামুক্ত হতে পারবেন। এ ছাড়া সড়কে যানজটও অনেক কমে যাবে।

Manual4 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষাবিদ আবুল মোমেন বলেন, প্রকল্পটি চালু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন, তবে এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব শিক্ষার্থীদের। সঠিক রক্ষণাবেক্ষণে এই প্রকল্প দীর্ঘস্থায়ী হবে এবং শিক্ষার্থীরা আরও বেশি লাভবান হবে।

Manual5 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন রাশেদ মোস্তফা, জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদি উর রহিম, চট্টগ্রাম নগরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘আশা করছি এটিকে একটি টেকসই প্রকল্প হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। নগরের পতেঙ্গা-হালিশহর এলাকার শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আরও ১০টি বাস নামানোর পরিকল্পনা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code