

লন্ডন প্রতিনিধি: ইউরোপের মূল ভূখণ্ড থেকে গত ২৯ অক্টোবর ২৪টি ডিঙ্গি নৌকায় চড়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল প্রায় ৯৯০ জন আশ্রয়প্রত্যাশী। তাদের উদ্দেশ্য ছিল বিপজ্জনক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে কেন্ট উপকূলে পৌঁছানো। এর পরের দিন আটটি নৌকায় গাদাগাদি করে ব্রিটিশ উপকূলে পৌঁছায় আরও ৪৬৮ জন। ঠিক সেদিনই ডোভারের একটি অভিবাসী-প্রক্রিয়াকরণ কেন্দ্রে একাধিক পেট্রোল বোমা নিক্ষেপ করে এক দুর্বৃত্ত।
তার পরেরদিন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান যুক্তরাজ্যের উপকূলে আশ্রয়প্রার্থীদের এভাবে উপস্থিত হওয়াকে ‘আক্রমণ’ বলে আখ্যা দেন। তার এই মন্তব্য সমালোচকদের ক্ষোভ উগরে দেয়। তবে ক্ষমতাসীন কনজারভেটিভ এমপিদের কাছ থেকে সমর্থন পান ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৩৮ হাজার মানুষ বিশ্বের ব্যস্ততম শিপিং লেন পাড়ি দিয়েছেন। এটিকে ব্যস্ত সড়ক দৌড়ে পার হওয়ার ঝুঁকির সঙ্গে তুলনা করা যেতে পারে। আশ্রয়প্রত্যাশী বোঝাই এই ছোট নৌকাগুলো যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে জটিল সমস্যা তৈরি করেছে।