

ডেস্ক নিউজ: আসন্ন পবিত্র রমজান মাস ও ঈদকে কেন্দ্র করে আমদানিতে বাণিজ্যিক ঋণপত্র (এলসি) খুলতে অগ্রাধিকার চেয়েছেন ব্যবসায়ী নেতারা। বিশেষ করে এলসি খোলায় যাতে কোনও সমস্যায় পড়তে না হয় এজন্য জরুরি ভিত্তিতে রিজার্ভ থেকে ব্যাংকগুলোকে ডলার সহায়তা চেয়েছেন তারা। একই সঙ্গে আমদানি-রফতানিতে ডলারের এক রেট দাবি করেন তারা।
আজ রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদলের সভা শেষে এসব দাবির কথা জানায় এফবিসিসিআই। এতে নেতৃত্ব দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি উল্লেখ করেন, অনেক ব্যবসায়ী এলসি খুলতে পারছেন না। এক্ষেত্রে এলসি খোলা সহজ করতে জরুরি ভিত্তিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার সহায়তা দিতে হবে।
এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ ব্যাংক ৮ পণ্য আমদানির ক্ষেত্রে এলসি সহজ করে সার্কুলার জারি করেছে। কিন্তু এই ৮ পণ্যের বাইরে আরও পণ্য আছে।