জেনারেল সি আর দত্তকে স্মরণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউইয়র্ক : গভীর শ্রদ্ধায় স্মরণ করা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব:) সি আর দত্তকে। এ সময় আলোচকরা সি আর দত্তকে খাঁটি একজন দেশপ্রেমিক হিসেবে অভিহিত করেন এবং তার জীবন-যাপনের ধারাকে অনুসরণের মধ্যদিয়েই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায় এগিয়ে যাবার আহবান জানানো হয়। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত সি আর দত্ত ২৪ অগাস্ট সোমবার রাতে ফ্লোরিডায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। ২৬ অগাস্ট বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এ শোক-শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে খাবার বাড়ি চত্তরে। এতে সভাপতির বক্তব্যে হোস্ট সংগঠনের প্রেসিডেন্ট ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘অকুতভয় এই মুক্তিযোদ্ধাকে ‘বীর উত্তম’ উপাধি দিয়েছিলেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সারাটি জীবন তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে স্বদেশ মাতৃকার সার্বিক কল্যাণে সচেষ্ট ছিলেন। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করছি এবং তাকে স্যালুট জানাচ্ছি।’

Manual8 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। তিনি সি আর দত্তের সাথে সর্বশেষ গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের স্মৃতিচারণ করেন। সে সময় জেনারেল দত্ত বলেছেন যে, ‘জয়বাংলার ধারায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। এটি খুবই খুশীর খবর।’ এই ধারার সাথে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবানও জানিয়েছেন সেক্টর কমান্ডার সি আর দত্ত।

বিশেষ অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি এবং মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি। এতে সি আর দত্তের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, সাংবাদিক মুজাহিদ আনসারী প্রমুখ। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন শাহানারা রহমান, ইমাম কাজী কাইয়ুম, নান্টু মিয়া প্রমুখ।

Manual6 Ad Code

উল্লেখ্য, সি আর দত্তের লাশ ফ্লোরিডার বয়েন্টন বীচে একটি ফিউনারেল হোমে রাখা হয়েছে। বাংলাদেশে নিয়ে যাবার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই তার কন্যা কবিতা দাসগুপ্ত হ্যাপি ফ্লোরিডা থেকে তার কফিন নিয়ে রওয়ানা দেবেন। নিউইয়র্ক এবং টরন্টো থেকে দুবাই গিয়ে হ্যাপির সাথে মিলিত হবেন জেনারেল দত্তের জ্যেষ্ঠ কন্যা মহুয়া দত্ত, ব্যারিস্টার চয়নিকা দত্ত এবং একমাত্র পুত্র ডা. চিরঞ্জিব দত্ত রাজা। অর্থাৎ ৪ ভাই-বোনই কফিন নিয়ে ঢাকায় যাবেন পিতার শেষ কৃত্যানুষ্ঠানে অংশগ্রহণের জন্যে। করোনার কারণে এই ভাই-বোনের স্বাস্থ্যবিধির পরিপূরক ডক্যুমেন্ট সংগ্রহে বিলম্ব হচ্ছে বলে বুধবার প্রাপ্ত সর্বশেষ সংবাদে জানা গেছে। তবে তারা শুক্র অথবা শনিবার রওয়ানা দেয়ার (এনভিআর, করোনা মুক্ত থাকার সার্টিফিকেট এবং কফিনসহ সকলের টিকিট পেলে) প্রস্তুতি নিয়েছেন বলে এ সংবাদদাতাকে জানান সি আর দত্তের কনিষ্ঠ জামাতা প্রদীপ দাসগুপ্ত। এনআরবি নিউজ

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code