‘জৈব সার’ হতে চাইলেন অভিনেত্রী কিম নোভাক

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: হলিউডের স্বর্ণযুগের অভিনেত্রী কিম নোভাক এখন রূপালি পর্দার আলো থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে জীবন কাটাচ্ছেন। ৯৩ বছর বয়সে এসে মৃত্যুর পর নিজের দেহ কম্পোস্টে পরিণত করার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। সেই জৈব সার দিয়ে গাছ লাগানো হবে, যাতে মৃত্যুর পরও গাছের মধ্য দিয়ে বেঁচে থাকতে পারেন তিনি। এক সাক্ষাৎকারে কিম জানান, কয়েক বছর আগেই নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করে রেখেছেন। তাঁর ভাষায়, মৃত্যুর পরও গাছের মাধ্যমে বেঁচে থাকার ভাবনাটি তাঁর কাছে রোমাঞ্চকর এক অভিযানের মতো। কিম মনে করেন, গাছের ধৈর্য ও ধীরগতিতে বেড়ে ওঠার মধ্য দিয়ে নিজেকে নতুনভাবে প্রকাশ করার সুযোগ রয়েছে। তিনি বলেন, ‘আমার কাছে মাটির সঙ্গে এক হয়ে যাওয়ার ধারণাটিই খুব সুন্দর। কম্পোস্ট হয়ে থাকলে গাছপালা আরও ভালোভাবে বেড়ে ওঠে। এটি প্রাকৃতিক, বাস্তব, অকৃত্রিম ও বিশুদ্ধ।’ এ জন্য ওয়াশিংটন অঙ্গরাজ্যের ‘আর্থ ফিউনারেল’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবস্থা করেছেন অভিনেত্রী। মৃত্যুর পর তাঁর দেহ কম্পোস্টে পরিণত করার আগে হিমায়িত করে রাখা হবে। নিজের পরিকল্পনার কথা স্বজন ও বন্ধুদেরও জানিয়েছেন তিনি। তাঁদের প্রত্যেককে একটি করে গাছ বা ঝোপজাতীয় উদ্ভিদ লাগানোর অনুরোধ করেছেন। কিমের কাছে এই সিদ্ধান্তের মূল ভাবনা হলো, মৃত্যুর পরও বেড়ে ওঠার ধারাবাহিকতা বজায় রাখা। তিনি চান, তাঁর জীবন যেন মৃত্যুর পরও প্রকৃতির মধ্য দিয়ে নতুন রূপে এগিয়ে চলে। ১৯৫৮ থেকে ১৯৬০ সাল পর্যন্ত বক্স অফিসের জনপ্রিয় তারকাদের একজন ছিলেন কিম নোভাক। ১৯৬৬ সালে অভিনয়জগৎ থেকে সরে এসে ব্যক্তিগত জীবন ও ছবি আঁকায় মনোযোগ দেন তিনি। চলচ্চিত্রের পরিচয়ের বাইরেও নিজের অস্তিত্বকে নতুনভাবে প্রকাশ করতে চান হলিউডের এই অভিনেত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code