

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে বর্তমানে ৩৩ শতাংশে নেমে এসেছে, যা তার চলতি মেয়াদের সর্বনিম্ন রেকর্ড।সোমবার (১৭ আগস্ট) প্রকাশিত এক জরিপে দেখা যায়, তার প্রতি দেশটির মাত্র ৩৩ শতাংশ মানুষের সমর্থন রয়েছে, যা তার চলমান মেয়াদে সবচেয়ে কম। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়া এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির উদ্বেগের মাঝেই রয়টার্স/ইপসোস পরিচালিত চার দিনব্যাপী এই মতামত জরিপের তথ্য
জরিপের ফল অনুযায়ী, ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সংখ্যাগরিষ্ঠ আমেরিকানই আশঙ্কা করছেন যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলতে পারে। চার দিনব্যাপী চালানো এই অনলাইন জরিপে অংশ নেওয়া মার্কিন নাগরিকদের মধ্যে ৬৪ শতাংশই হোয়াইট হাউসে ট্রাম্পের কর্মকাণ্ড ও পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
এর আগে চলতি মাসের শুরুর দিকের এক জরিপে ট্রাম্পের জনসমর্থন ছিল ৩৫ শতাংশ। নতুন জরিপে তা আরও কমে ৩৩ শতাংশে নেমে এসেছে, যা ২০১৭ সালের ডিসেম্বরে তার প্রথম মেয়াদের সর্বনিম্ন সমর্থনের সমান।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ফেরার পর ট্রাম্পের জনপ্রিয়তা এই বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যখন তিনি ইসরায়েলের পাশাপাশি ইরানে মার্কিন বিমান হামলার নির্দেশ দেন। ওই সংঘাতের ফলে বিশ্বের মোট তেল বাণিজ্যের এক-পঞ্চমাংশ কার্যত অচল হয়ে পড়ে এবং যুক্তরাষ্ট্রে পেট্রোল-গ্যাসোলিনের দাম ব্যাপক বৃদ্ধি পায়। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এবং সংঘাত দীর্ঘায়িত হওয়া নিয়ে মার্কিন জনগণের উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে।
জরিপে দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ আমেরিকান-যার মধ্যে ৮৭ শতাংশ ডেমোক্র্যাট এবং ৭১ শতাংশ রিপাবলিকান-মনে করছেন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি দীর্ঘ সময় ধরে বজায় থাকবে। মাত্র ১৬ শতাংশ মানুষ মনে করেন যে এই যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে। সূত্র: রয়টার্স