

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডেল্টা গভর্নেন্স কাউন্সিল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী এই কাউন্সিলের চেয়ারপারসন। পরিকল্পনামন্ত্রীকে কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান করা হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কাউন্সিলর কার্যপরিধি হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, কৌশলগত পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান, বাংলাদেশ ডেল্টা প্ল্যান হালনাগাদকরণ দিক-নির্দেশনা প্রদান, বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ এর বিনিয়োগে পরিকল্পনা প্রণয়নে নীতি নির্ধারণ ও নির্দেশনা প্রদান এবং ডেল্টা ফান্ড গঠন ও ব্যবহারে দিক-নির্দেশনা প্রদান।