তীব্র তাপপ্রবাহে ভারতে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৫ মাস আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:তীব্র তাপপ্রবাহের মধ্যে বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলেও উৎপাদন সক্ষমতায় নতুন রেকর্ড স্থাপন করে সেই চাহিদা পূরণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়।মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, টানা চতুর্থ দিনের মতো বৃহস্পতিবার সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজধানী নয়াদিল্লিতে তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা দাঁড়ায় ২৭০ দশমিক ৮২ গিগাওয়াটে। সরকার ওই চাহিদা সফলভাবে পূরণ করেছে বলে জানায় মন্ত্রণালয়।নয়াদিল্লি থেকে এএফপি জানায়, এর আগের দিন বুধবার সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ২৬৫ দশমিক ৪৪ গিগাওয়াট।বিদ্যুৎ মন্ত্রণালয় বলেছে, গরমের কারণে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ বিভিন্ন শীতলীকরণ সরঞ্জামের ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েছে।

Manual6 Ad Code

দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনের ৬২ শতাংশ এসেছে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে, যার বড় অংশই কয়লাভিত্তিক। সৌরবিদ্যুৎ থেকে এসেছে ২২ শতাংশ। বায়ু ও জলবিদ্যুৎ থেকে ৫ শতাংশ করে উৎপাদন হয়েছে। বাকি বিদ্যুৎ এসেছে অন্যান্য উৎস থেকে।বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ ভারত ২০৭০ সালের মধ্যে নিট-শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য ঘোষণা করলেও এখনো ব্যাপকভাবে কয়লার ওপর নির্ভরশীল।

Manual8 Ad Code

তবে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিদ্যুৎ মন্ত্রণালয়ের অ্যাকাউন্টে অনেক ব্যবহারকারী তাদের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নতার অভিযোগ করেছেন।তীব্র গরমে পুরোনো বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমারের ওপর অতিরিক্ত চাপ পড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।১৪০ কোটিরও বেশি মানুষের দেশ ভারত সাধারণত এপ্রিল থেকে জুনের মধ্যে নিয়মিত তাপপ্রবাহের মুখোমুখি হয়।বছরের পর বছর ধরে হওয়া বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ আরও দীর্ঘ, ঘনঘন ও তীব্র হয়ে উঠছে।

Manual6 Ad Code

ভারতীয় আবহাওয়া বিভাগ জানায়, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তর প্রদেশের বান্দা শহরে, যেখানে তাপমাত্রা ছিল ৪৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শহরটি নয়াদিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। সপ্তাহের শুরুতে সেখানে তাপমাত্রা ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসেও উঠেছিল।ভারতে এখন পর্যন্ত সর্বোচ্চ সরকারি তাপমাত্রার রেকর্ড ৫১ ডিগ্রি সেলসিয়াস, যা ২০১৬ সালে রাজস্থানের ফালোদিতে রেকর্ড করা হয়।গত এপ্রিলে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম একিউআই জানায়, তাদের দৈনিক হিট ইনডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে উষ্ণ ৫০টি শহরের সবকটিই ছিল ভারতে। এই সূচক তাপমাত্রা, সৌর বিকিরণ, বাতাস, বৃষ্টিপাত ও আর্দ্রতাসহ ছয়টি উপাদানের ভিত্তিতে তৈরি করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code