ত্রিপুরায় নামছে ‘দিদির দূত’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ত্রিপুরা নেতৃত্বের সঙ্গে গত শুক্রবার এক ভার্চ্যুয়াল বৈঠকে এই কথা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দিদির দূত’ বলে যে গণসংযোগ পরিকল্পনা নেওয়া হয়েছে, তার আওতায় বিভিন্ন অঞ্চলে মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন তৃণমূলের নেতা-কর্মীরা। আগরতলা পৌরসভা ছাড়াও ত্রিপুরায় মোট ১৯টি পৌরসভায় ডিসেম্বর মাসে নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনে লড়বে তৃণমূল কংগ্রেস। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অবশ্য মনে করছে, তৃণমূলের জেতার কোনো সম্ভাবনাই নেই।

তৃণমূল নেতা অভিষেক শুক্রবার ত্রিপুরায় দলীয় নেতৃত্বের সঙ্গে যে বৈঠক করেছেন, সেখানে উপস্থিত থাকা এক নেতা জানান, অভিষেক দলকে পুরোদমে প্রস্তুতি নিতে বলেছেন, যাতে সর্বশক্তি দিয়ে তৃণমূল ডিসেম্বরের সম্ভাব্য পৌরসভা নির্বাচনে লড়তে পারে।

ওই বৈঠকে ত্রিপুরার সদ্য গঠিত তৃণমূলের কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। সদ্য কংগ্রেস ছেড়ে আসা সুস্মিতা দেবকে দেওয়া হয়েছে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা জেলার দায়িত্ব। সাতবার দল বদল করে সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন সুবল ভৌমিক। তিনি দেখবেন দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলার কিছু অংশ। তৃণমূলের স্থানীয় নেতা আশীষলাল সিংহকে ধলাই, খোয়াই, উনকোটি ও উত্তর ত্রিপুরার দায়িত্ব দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

মনে করা হচ্ছে, অক্টোবরেই ত্রিপুরায় প্রচারে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি থাকবেন নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত। এরপর আবার ওই রাজ্যে যাবেন এবং প্রচার চালাবেন। ডিসেম্বরে পৌরসভার ভোট হলে, তার আগে ওই রাজ্য সফরে যাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত এই কারণেই পশ্চিমবঙ্গে তৃণমূলকে কিছুটা চাপে রাখতে বিজেপির পক্ষে প্রচারে আসছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর সাংগঠনিক শক্তির ওপর উত্তর-পূর্ব ভারতে অনেকটা নির্ভরশীল বিজেপি।

তৃণমূল কংগ্রেস সম্প্রতি ত্রিপুরায় যে সংগঠন পরিচালনাকারী কমিটি গঠন করেছে, সেই কমিটির প্রধান কাজ হবে বিভিন্ন এলাকায় দলকে সংগঠিত করা। তৃণমূলের একজন নেতা জানান, এই কাজ বিশেষত বুথভিত্তিক কমিটি গঠনের কাজ খুব সহজ হবে না। ‘বিজেপি এর জোরদার বিরোধিতা করবে। কিন্তু মানুষ একটা বিকল্প শক্তিশালী দল ত্রিপুরায় দেখতে চাইছে। ফলে ত্রিপুরায় আগামী দিনে লড়াই তীব্র হবে,’ বলে ওই নেতা জানান। এরপর ২০২৩ সালের শুরুর দিকে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code