

সাউথ এশিয়া ডেস্ক:
থাইল্যান্ডে বেশ কয়েকজন রোহিঙ্গা আশ্রয়প্রার্থীকে মৃত ও বাকিদেরকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে একটি মঠের বাইরে তাদেরকে দুর্দশাগ্রস্ত অবস্থায় দেখতে পান সন্ন্যাসীরা। পরে পুলিশকে খবর দেন তারা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। তাদের ওয়েভসাইটে এই খবর জানানো হয়েছে।
উদ্ধারকৃতদের মধ্যে অনেকেই অচেতন অবস্থায় ছিলেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ইতোমধ্যেই দুইজনের মৃত্যু হয়েছে। জীবিতদের ব্যাংকক থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে অপর একজনের মৃত্যুর হয়েছে বলে খবর পাওয়া গেছে।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া ডিরেক্টর ইলেইন পিয়ারসন বলেছেন, ‘থাই সরকারের উচিত এই ভয়াবহ মৃত্যুর যথাযথ তদন্ত করে দায়ীদের বিচারের সম্মুখীন করা। অপরাধীরা যে ই হোক না কেন, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। আর জীবিতদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করতে হবে।’