

সাউথ এশিয়া ডেস্ক: দুবাই এয়ারশোতে ভারতের তেজস যুদ্ধবিমানের দুর্ঘটনা দেশটির গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রকল্পের ওপর নতুন করে চাপ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ চার দশকের উন্নয়নপথ পেরিয়ে তৈরি হওয়া এই দেশীয় যুদ্ধবিমান এখন রফতানির বদলে আরও বেশি নির্ভরশীল হয়ে পড়বে ভারতের নিজস্ব সামরিক অর্ডারেরওপর। শুক্রবারের দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। এই ঘটনাকে ঘিরে ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের উপস্থিতিতে হওয়া সপ্তাহব্যাপী কূটনৈতিক প্রতিদ্বন্দ্বিতার আড়ালেও চাপা পড়ে গেছে তেজসের আন্তর্জাতিক প্রদর্শনী। ভারত উইং কমান্ডার নমনশ সিয়ালের মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। এয়ারশোতে এমন দুর্ঘটনা বিরল হলেও এর প্রতীকী প্রভাব বড় বলে মনে করেন যুক্তরাষ্ট্রভিত্তিক মিচেল ইনস্টিটিউট ফর অ্যারোস্পেস স্টাডিজের নির্বাহী পরিচালক ডগলাস এ. বার্কি। তিনি বলেন, এই দৃশ্যটা নির্মম। এ ধরনের দুর্ঘটনা বড় সাফল্যের প্রদর্শনীতে সম্পূর্ণ উল্টো বার্তা দেয়, এ যেন এক নাটকীয় ব্যর্থতা।