

শাহীন আলম, দেবিদ্বার :
কুমিল্লার দেবিদ্বারে শুরু হয়েছে স্কুল ভিত্তিক দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগীতা-২০২০। গতকাল সোমবার দুপুরে সুজাত আলী সরকারি কলেজ মিলনায়তনে দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগীতার উদ্বোধন করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিব হাসান। দুর্নীতি দমন কমিশন আয়োজিত ৭দিন ব্যাপী এ বির্তক প্রতিযোগীতার বিভিন্ন রাউন্ডে অংশ নিচ্ছেন উপজেলার ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার প্রথম পর্বে অংশ নেন ৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবারের বির্তক প্রতিযোগীতার বিষয় হলো ‘ দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিকে পরিবারের ভূমিকাই মুখ্য’।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ’র সভাপতিত্বে বির্তক প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও রাকিব হাসান।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এদেশটাকে ২০৪১ সালে উন্নত বিশে^ মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে কারা? তোমরা! তোমাদেরকেই এদেশের দুর্নীতি বন্ধ করে উন্নয়নের হাল ধরতে হবে। সরকার তোমাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলতে বিভিন্ন স্কলারশীপ দিচ্ছে, বিনামূল্যে বই দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে, অবকাঠামো নির্মাণ করছে। এতসব কেন করছে? একমাত্র উদ্দেশ্যে হলো তোমাদেরকে মেধাবী জনশক্তি হিসেবে রুপান্তিত করে তোমাদেরকে দিয়েই এদেশ ২০৪১ সালে উন্নত বিশে^র সাথে তাল মিলিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। দুর্নীতি দমন কমিশন সারা দেশে যেই উদ্যোগ নিয়েছে এই বির্তক থেকে দুর্নীতি কি তা শেখো, এই ব্যাধীকে কিভাবে সমাজ ও দেশ থেকে বিতারিত করা যায় সে বিষয়ে জানো। তোমরা যদি কোন দুর্নীতি আর কোনটা দুর্নীতি না সে বিষয়ে জানো তাহলে তোমাদের সামনে কেউ দুর্নীতি করতে সাহস পাবে না। তোমরা সাথে সাথে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে পারবে।
তিনি আরও বলেন, তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমরা যদি তোমাদের পিতা-মাতা, পরিবার, সমাজ ও দেশের দায়িত্ব কর্তব্য সর্ম্পকে সচেতন হও। তোমরা দুর্নীতিকে না বলো। তোমরা এখন থেকেই সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. মাইনুদ্দিন। এসময় বিভিন্ন স্কুলের শিক্ষক / শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।