

ডেস্ক রিপোর্ট: ভারত বিশ্বকাপের পর থেকে কোচিং স্টাফে বেশ রদবদল হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। তবে ব্যাটিং কোচ বদল হয়েছে বিশ্বকাপের আগেই। প্রায় কয়েক মাস অপেক্ষার পর লিটন দাস-তাওহীদ হৃদয়রা বোলিং কোচ এবং ব্যাটিং কোচ পেলেন। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কোচ হিসেবে ডেভিড হেম্প ও আন্দ্রে অ্যাডামসের নাম ঘোষণা করেছে।
বিশ্বকাপের আগে বাংলাদশের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন জেমি সিডন্স। তবে তাকে সরিয়ে নতুন করে কোচ নিয়োগ না দিয়ে দায়িত্ব দেওয়া হয় নিক পোথাসকে। এবার স্থায়ীভাবে তার উত্তরসূরি করা হলো হেম্পকে। অন্যদিকে বোলিং
কোচ হিসেবে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড। দুই মাস সময় নিয়ে তার বদলে অ্যাডামসকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ হেম্প বারমুডার সাবেক ব্যাটার। গত বছরের মে থেকে বাংলাদেশের এইচপি দলের সঙ্গে কাজ করছেন তিনি। জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরেও গিয়েছিলেন। এবার তাকে পাকাপাকিভাবেই জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিলো বিসিবি। ইসিবির লেভেল ৪ কোচিং করা আছে হেম্পের। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান করেছেন তিনি। বারমুডার হয়ে ২৪টি ওয়ানডে খেলেছেন হেম্প। ২০২০ থেকে ২০২২ সাল অবধি পাকিস্তান নারী দলের হেড কোচ ছিলেন তিনি।