

নিউজ ডেস্কঃ
পাকিস্তানের বন্দর শহর করাচিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৩ জন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, করাচির শেরশাহ এলাকার পরচা চকে এই ঘটনা ঘটে।
উদ্ধারকারী ও পুলিশ বলছে, প্রাইভেট একটি ব্যাংকের নিচে নালার পাইপলাইনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। নালা পরিষ্কার করার জন্য কর্তৃপক্ষকে ব্যাংক খালি করার নোটিশ দেওয়া হয়েছিল।
বিস্ফোরণে ব্যাংক ছাড়াও নিকটস্থ একটি পেট্টল পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা বিস্ফোরণে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচে থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।
করাচি পুলিশের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, একটি বোম ডিসপোজাল স্কোয়াডকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে। এই স্কোয়াড প্রতিবেদন দিলেই বিস্ফোরণের কারণ সম্পর্কে বলা যাবে।