

ভারত প্রতিনিধি: বিদ্যুৎ বাণিজ্যের বিষয়ে বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার বিষয়ে ভারতকে জানিয়েছে নেপাল। এর মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির উপায় হিসেবে ভারতকে নিয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদনের ব্যাপারে নয়াদিল্লিকে অনুরোধ করেছে কাঠমান্ডু।
নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে রোববার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করার বিষয়ে চলতি বছরের আগস্টের শুরুতে সমঝোতায় পৌঁছায় ঢাকা ও কাঠমান্ডু। এই সমঝোতার অধীনে দক্ষিণ এশিয়ার দেশটি ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করতে পারবে। আর এ লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় বিদ্যুৎ বাণিজ্য চুক্তির জন্য ভারতের ‘এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড’কে (এনভিভিএন) অনুরোধ করতে সম্মত হয় নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড।